যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঈদের আগে সবার যাত্রা নির্বিঘ্ন করার ওয়াদা করেছিলেন। আর ঈদের পর তিনি ‘গত কয়েক বছরের মধ্যে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে’ বলে ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই আয়োজনে রেলমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও কে কাকে ধন্যবাদ জানিয়েছেন, সেটি খোলাসা হয়নি।
অনুষ্ঠানস্থলে ব্যানারে লেখা ছিল, ‘ধন্যবাদজ্ঞাপন’ যোগাযোগ মন্ত্রণালয়। অনুষ্ঠানে যাত্রীকল্যাণ সমিতিসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাও জানানো হয়। স্বভাবতই প্রশ্ন জাগে, যোগাযোগ মন্ত্রণালয় এই ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানটি কাকে ধন্যবাদ জানাতে আয়োজন করেছে—আমন্ত্রিত অতিথিদের, না নিজ দপ্তরের মন্ত্রীকে? যোগাযোগ-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকলে কেবল মন্ত্রীর জন্য ফুলের তোড়া কেন?
এবারে ঈদের সময়ে মানুষ স্বচ্ছন্দে বাড়ি যেতে পেরেছে—এ কথা যেমন সত্য, তেমনি অসত্য নয় সড়কগুলো তড়িঘড়ি করে মেরামত করায় তা মোটেই টেকসই হবে না। এতে যাত্রী–সুবিধার চেয়ে ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের সুবিধাই বেশি হয়েছে। রহস্যজনক কারণেই তাঁরা সড়ক মেরামতের জন্য বর্ষাকালকে বেছে নেন। মন্ত্রী মহোদয় তাঁদের সারা বছর সক্রিয় রাখতে পারলে যাত্রী ভোগান্তি ও রাষ্ট্রীয় অপচয়—দুটোই কমত।
যোগাযোগমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে গণমাধ্যম যেসব খবর ছেপেছে, তা অসত্য নয়। এই উপলব্ধির জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানানো যেত যদি তিনি ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানের পরিবর্তে একটি পরামর্শসভার আয়োজন করতেন, যেখানে তিনিই একমাত্র বক্তা হতেন না, অন্যরাও সড়ক যোগাযোগের উন্নয়নের ব্যাপারে পরামর্শ দিতে পারতেন। সড়ক-মহাসড়ক সচল ও নিরাপদ রাখাই মন্ত্রীর কাজ এবং তিনি সেটি সুচারুভাবে করতে পারলে যাত্রী তথা জনগণই তাঁকে অন্তর থেকে ধন্যবাদ জানাবেন, মন্ত্রণালয়ের উদ্যোগে এ রকম ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানের প্রয়োজন পড়ে না।