গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার হুমকির পর সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এবার যা বললেন, তা পুনরায় উচ্চারণ করাও অরুচিকর। সরকার যখন নিবর্তনমূলক সম্প্রচার নীতিমালা বিধিবদ্ধ করেছে, সে সময়ে তিনি অসভ্য-অশ্লীল ভাষায় সাংবাদিকদের আক্রমণ করলেন। এর আগে সরকারদলীয় প্রভাবশালী সাংসদ শামীম ওসমান সাংবাদিকদের ‘কুকুর’ বলে গালি দিয়েছিলেন, এখন সরকারের একজন মন্ত্রী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বললেন। যদিও আগের মতোই তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে অরুচিকর বক্তব্য দেওয়ার জন্য নয়, গণমাধ্যমে সে বক্তব্য প্রকাশ পাওয়ায়।
সাংবাদিকদের চরিত্রের স্বঘোষিত বিচারক সমাজকল্যাণমন্ত্রীর উৎকট বিকারগ্রস্ত আচরণ এই-ই প্রথম নয়। তিনি শিশুদের অনুষ্ঠানে মঞ্চে বসে ধূমপান করেছেন, নারীদের উপস্থিতিতে অশালীন সংগীত গাওয়া ও অঙ্গভঙ্গি প্রদর্শনের মতো আচরণ করেছেন। তিনি তাঁর এই অসুস্থ মানসিকতার সমর্থনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের কথাও ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন, ‘সাংবাদিকরা যা ইচ্ছে লিখুক, তাতে কিছু যায়-আসে না। তুমি চালিয়ে যাও।’ তাঁর এই ঔদ্ধত্য স্বয়ং প্রধানমন্ত্রী ও সরকারের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। এ ধরনের একজন মন্ত্রীর কথাকে সরকারের অবস্থান ধরে নেওয়া খুবই কঠিন। সরকারকে মন্ত্রীর বক্তব্য-বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে।
সংবাদপত্র তথা গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এ কারণেই যে তা গণতন্ত্র ও সুশাসনের অবিচ্ছেদ্য অংশ। যে মন্ত্রী গণমাধ্যম ও সাংবাদিকদের সম্পর্কে এ ধরনের অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন, জনস্বার্থেই তাঁর পদচ্যুতি হওয়া প্রয়োজন।
মন্ত্রী মানে জনপ্রতিনিধিদের নেতা, দেশের রক্ষক, সমাজের আদর্শ। কিন্তু সমাজকল্যাণমন্ত্রী যে আদর্শ স্থাপন করে চলেছেন, তাতে সমাজ ক্রমাগত দূষিতই হচ্ছে। এ রকম খিস্তিখেউড় জনসমক্ষে করে যাওয়া সভ্যজগতে অসম্ভব। তাঁর পদত্যাগের দাবিতে সাংবাদিক সমাজ বিক্ষোভ করেছে। সমাজকল্যাণমন্ত্রী তাঁর সব আচরণ দিয়ে রাষ্ট্রের সব পদের জন্যই নিজেকে অযোগ্য প্রমাণ করেছেন। তাই, প্রধানমন্ত্রীর কর্তব্য হবে সমাজকল্যাণমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা।