মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোতে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবকের ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগ সূত্রে এসব হামলার ঘটনা ঘটে। যে যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাঁকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার পর এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। রোববার দুপুরে যেভাবে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা হয়েছে, তাতে একে সংগঠিত হামলা হিসেবেই বিবেচনা করতে হচ্ছে।

স্থানীয় প্রশাসন কোনোভাবেই এই হামলার দায় এড়াতে পারে না। ফেসবুকের কথিত পোস্টকে কেন্দ্র করে যখন সমাবেশ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়, তখন প্রশাসনের তরফেই এর অনুমোদন দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে সে ব্যাপারে তাদের ধারণা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এত লোক সংগঠিত হয়ে ১৫টি মন্দির ভাঙচুর করল, শতাধিক বাড়িঘরে হামলা চালাল; কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের গোয়েন্দা সূত্র কেন আগে কোনো কিছু আঁচ-অনুমান করতে পারল না? এই ব্যর্থতার দায় স্থানীয় প্রশাসন এড়াতে পারে না।

হামলার শিকার হয়েছেন যাঁরা তাঁদের অভিযোগ, ঘটনার সময় দুটি সমাবেশ চলছিল এবং সমাবেশ থেকেই হামলা চালানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যে হামলা হয়েছে, এর তদন্ত প্রয়োজন। যে যুবকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে, তাঁর দাবি—অন্য কেউ তাঁর ফেসবুকে ঢুকে এই স্ট্যাটাস দিয়েছে। ফলে কেউ উদ্দেশ্যমূলকভাবে সাম্প্রদায়িক বিরোধ উসকে দিতে চাইছে কি না, সেটাও খুঁজে বের করতে হবে।

আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার নিন্দা জানাই। যাঁরা হামলার শিকার হয়েছেন, তাঁদের প্রতি রইল আমাদের সমবেদনা। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা গেলে যাঁরা হামলার শিকার হয়েছেন, তাঁদের মধ্যে আস্থা ফিরে আসবে। আমরা আশা করব, প্রশাসন এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেবে।