মশার কামড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার কামড়ে রাজধানীবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অথচ মশা নিধনে দুই সিটি করপোরেশনের কার্যকর কোনো উদ্যোগ নেই। বুধবার প্রথম আলোয় রাজধানীবাসীর মশার জ্বালায় অতিষ্ঠ হওয়ার খবর প্রকাশিত হয়। খবর অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় ইদানীং মশার উপদ্রব বেড়েছে। কোনো কোনো এলাকায় মশার উপদ্রব এতটাই বেড়েছে যে সেসব এলাকায় দিনের বেলায়ও মশারি টাঙাতে হচ্ছে। অনেকেই ইতিমধ্যে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হয়েছেন। চলতি বছর বর্ষা মৌসুমে প্রায় দুই হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগীদের মতে, ঠিকমতো ওষুধ না ছিটানোর কারণে মশার উপদ্রব বেড়ে গেছে। এ ছাড়া রাজধানীর সব এলাকা ঠিকমতো পরিষ্কার–পরিচ্ছন্নও করা হয় না। কিছু কিছু এলাকার ঝিল, নালা-নর্দমা ও অন্যান্য জলাশয় পরিষ্কার না করার কারণে এসব এলাকায় মশার প্রজনন বেড়ে গেছে। ফলে বেড়েছে মশার উপদ্রব। দুই সিটি করপোরেশন অবশ্য স্বীকার করেছে, পর্যাপ্ত ওষুধ থাকলেও লোকবল কম থাকায় সঠিকভাবে ছিটানো যাচ্ছে না।
প্রকাশিত খবর অনুযায়ী, পাঁচটি অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন পাঁচজন মেশিনম্যান ওষুধ ছিটান। এক-একটি ওয়ার্ডে পাঁচজন স্প্রেম্যান পাঁচ লিটার করে মোট ২৫ লিটার ওষুধ ছিটান। প্রতিটি ওয়ার্ডের আয়তন সমান না হলেও বরাদ্দ সমান। এভাবে মশার ওষুধ বরাদ্দ হতে পারে না। অবশ্যই আয়তন বুঝে ওষুধ বরাদ্দ দেওয়া ও লোক নিয়োগ করতে হবে।
রাজধানীর মশা নিধনের দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঢাকা মশক নিবারণী দপ্তরের। মূলত মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে মশক নিবারণী দপ্তর। কিন্তু তারা যে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, তা তো বোঝাই যাচ্ছে। মশার উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষা করতে সিটি করপোরেশন ও মশক নিবারণী দপ্তরকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ওষুধ ছিটানোর জন্য অবিলম্বে প্রয়োজনীয় দক্ষ লোকবল নিয়োগ করতে হবে। খাল-ঝিল, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে এগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত না হয়।