গত শুক্রবার সৌদি আরবের পবিত্র মক্কা নগরের মসজিদুল হারামে ক্রেন ভেঙে শতাধিক মানুষ নিহত এবং দুই শতাধিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। গণমাধ্যমের খবর অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে ৪০ জন বাংলাদেশি নাগরিক। স্বস্তির বিষয় এখন পর্যন্ত বাংলাদেশিদের নিহত হওয়ার খবর জানা যায়নি। ইতিমধ্যে মক্কা নগরের গভর্নর দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত এবং আহত ব্যক্তিদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
মসজিদুল হারামে যাতে ২২ লাখ লোক একসঙ্গে নামাজ আদায় করতে পারেন, সেই লক্ষ্যে ৪ লাখ বর্গমিটার এলাকাজুড়ে মসজিদ সম্প্রসারণকাজের উদ্দেশ্যে মসজিদুল হারামে ক্রেন বসানো হয়েছিল। শুক্রবার বিকেলে বজ্রপাতের সঙ্গে
প্রচণ্ড ধূলিঝড় শুরু হলে একটি ক্রেন চারতলার ছাদে আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ থেকে এ বছর যে লাখ খানেক মুসলমান হজব্রত পালন করছেন, তাঁদের অধিকাংশই এখন সৌদি আরবে অবস্থান করছেন। ক্রেন দুর্ঘটনার পর হজযাত্রীদের পরিবার ও স্বজনেরা দারুণ উৎকণ্ঠায় আছে। সরকার বিশেষ করে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব তাদের হালনাগাদ খবরাখবর দ্রুত সংশ্লিষ্ট পরিবারকে জানানো। প্রয়োজনে সরকার সেখানে বিশেষ টিম পাঠিয়েও খোঁজখবর নিতে পারে।
গণমাধ্যমের ভাষ্যমতে, গত ৪০ বছরে কাবা শরিফে বিভিন্ন দুর্ঘটনায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ২০০৬ সালে একটি বহুতল ভবন ধসে ৭৬ জন মারা যান, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি নাগরিকও ছিলেন। ১৯৯০ সালের ২ জুলাই সুড়ঙ্গে পদদলিত হয়ে ১ হাজার ৪২৭ জন মারা যান।
মুসলমানদের এই পবিত্রতম স্থানে এবং বিশেষ করে হজের সময়ে এ ধরনের দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে মসজিদুল হারাম ও মহানবী (সা.)–এর রওজা মোবারকের হেফাজতের দায়িত্বে নিয়োজিত সৌদি সরকারের আরও বেশি সজাগ ও সতর্ক থাকা উচিত। বিপুলসংখ্যক হজযাত্রীর নিরাপত্তার কথা ভেবে এ সময়ে সংস্কারকাজ স্থগিত রাখলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত।
আমরা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহত ব্যক্তিদের উপযুক্ত চিকিৎসার প্রত্যাশা করছি।