মহা বিদ্যুৎ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভূতপূর্ব বিদ্যুৎ বিপর্যয়ের অভিজ্ঞতা পেরিয়ে আসা বাংলাদেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে। কেন এমন হয়েছে এবং এমন অবস্থা ঠেকাতে কী কী সুরক্ষা আমাদের দরকার, তার খতিয়ান হতে হবে। প্রযুক্তির সক্ষমতা ও তা চালানোর যোগ্যতায় কোনো ঘাটতি ছিল কি না, তাও চিহ্নিত হওয়া দরকার। পাশাপাশি, এ ঘটনায় বাংলাদেশের জনগণের অবিচলিত থাকার সক্ষমতাও প্রমাণিত হয়েছে। অন্ধকার, গুজব ও অনিশ্চয়তার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলায় উল্লেখযোগ্য অবনতি ঘটেনি। বিদ্যুৎহীনতার অন্ধকারে এটাই আলোকিত দিক।
বিদ্যুৎ বিপর্যয়ে দুর্যোগ পরিস্থিতিএ ধরনের পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিদ্যুৎহীন পুরো একটা দিনজুড়ে জনগণের দুর্ভোগেরও শেষ ছিল না। সরকারযন্ত্র, যোগাযোগ ও সম্প্রচার কার্যক্রম, পুলিশ, বেতারসহ জনগুরুত্বপূর্ণ অধিকাংশ ব্যবস্থাই অকার্যকর হয়ে পড়েছিল। বৈদ্যুতিক সম্প্রচারমাধ্যম অন্ধকারে নিমজ্জিত হওয়ায় দেশবাসী গভীর অনিশ্চয়তায় সময় পার করে। সরকারের দিক থেকে জনগণকে অবহিত রাখার চেষ্টা ও বিদ্যুতের প্রত্যাবর্তন বিষয়ে আশাবাদ জ্ঞাপন করার প্রয়াস থাকলেও আরও সচেষ্ট হওয়ার দরকার ছিল।
১৯৯৯ সালে ব্রাজিলে এবং ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও কানাডার বিরাট অঞ্চলে এ রকম বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এর জন্য প্রযুক্তিগত ব্যর্থতা, পরিচালনার ভুল ও আকস্মিক দুর্ঘটনাই ছিল দায়ী। আমাদের বেলায়ও বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সরকার ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের জনগণ যে ধৈর্যের পরিচয় দিয়েছে, তা অতুলনীয়। এ রকম পরিস্থিতিতে উন্নত দেশে নৈরাজ্য ঘটলেও বাংলাদেশের মানুষ তা এড়াতে পেরেছে। এ জন্য সরকারের উচিত জনগণকে ধন্যবাদ জানানো।
বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও পরিচালনের যে অপ্রত্যাশিত পরীক্ষা হয়ে গেল, তা নিবিড়ভাবে পর্যালোচনা করে ভবিষ্যতের করণীয় ঠিক করা দরকার। এ রকম পরিস্থিতিতে কীভাবে সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ ঘটবে, সরকার আরও কত ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারে এবং জনগণ কীভাবে এমন পরিস্থিতি মোকাবিলা করতে পারে, তার জন্য নীতি প্রণয়নও এ মুহূর্তের কর্তব্য।