প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মহাকাশে বাংলাদেশের প্রথম অভিযাত্রা নিশ্চিত হওয়া নিঃসন্দেহে একটি মাইলফলক ঘটনা। কিন্তু বিশেষজ্ঞরা একমত যে এই অবিস্মরণীয় উন্নয়নের সঙ্গে আর দশটি উন্নয়ন প্রকল্পের কোনো তুলনা চলবে না। বর্তমানে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত যে কোম্পানির আওতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট–১-এর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেটির পেশাদারত্ব ও গুণমান নিয়ে প্রশ্ন আছে।
অবিলম্বে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, প্রথাগত আমলাতান্ত্রিকতা ও গোষ্ঠীগত সংকীর্ণ চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে পুরো কোম্পানির নিয়ন্ত্রণভার শুধু পেশাদারি মেধাবী ব্যক্তিদের কাছেই অর্পণ করতে হবে। সে জন্য বিদ্যমান কোম্পানি ঢেলে সাজাতে হবে। দ্বিতীয়ত, এই কোম্পানিকে পূর্ণাঙ্গ আর্থিক স্বাধীনতা দিতে হবে। তৃতীয়ত, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী আইনকানুন পাল্টে স্যাটেলাইট-বান্ধব করতে হবে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, এক-এগারোর সরকারের আমলে স্যাটেলাইট-ভিত্তিক সেবার ওপর যে রক্ষণশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছিল, তার ধারাবাহিকতা এখনো চলছে। এর সম্পূর্ণ অবসান নিশ্চিত করতে হবে।
আরও দুটি বিষয়ে আমরা সরকারের আশু মনোযোগ ও পদক্ষেপ আশা করব। প্রথমত, মহাকাশে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জন করার দিকে মনোযোগ দিতে হবে। মহাকাশের কক্ষপথ ব্যবহার না করলে সার্বভৌমত্ব থাকে না। বর্তমান সরকারের আমলে আইটিইউতে (আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন) একাদিক্রমে দুই মেয়াদে বাংলাদেশ কাউন্সিল সদস্য হলেও কাজের কাজ কিছুই হয়নি। মহাকাশের সার্বভৌমত্ব তথা কক্ষপথে বাংলাদেশের নিজস্ব অবস্থানে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমানে আমরা রাশিয়ার কাছ থেকে কক্ষপথ ভাড়া নিয়ে উৎক্ষেপণ করেছি। দ্বিতীয়ত, মহাকাশসংক্রান্ত গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় মেধাভিত্তিক প্রতিষ্ঠান হলো স্পারসো। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা এই সংস্থা এরশাদের সামরিক সরকারের আমলে সংকীর্ণ বিবেচনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নেওয়া হয়েছিল। এর ফলে মহাকাশ গবেষণা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ, মার্কিন মহাকাশ সংস্থা নাসাসহ বিদেশি সংস্থাগুলো সেই থেকে সক্রিয় সাহায্য-সহযোগিতা বন্ধ রেখেছে।
বঙ্গবন্ধু–১ উপগ্রহের পরিচালনার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগত দুর্বলতার ইতিহাস মনে রেখে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, স্যাটেলাইট বাণিজ্য খুবই প্রতিযোগিতাপূর্ণ। বিদেশি স্যাটেলাইটের সেবা কিনতে বেসরকারি চ্যানেলগুলোর খরচ করা বার্ষিক ১৭ কোটি টাকা ধরে রাখতে হলে তাদের সামনে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে অধিকতর সুবিধার বিষয় হিসেবে হাজির করতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশের যেখানে অবস্থান করবে, সেটি মধ্যপ্রাচ্যে সেবা প্রদানে অপারগ থাকবে বিবেচনায় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো নতুন স্যাটেলাইটের সুবিধা নিতে দ্বিধান্বিত থাকতে পারে। বিটিআরসির মুখপাত্র ব্যবহারকারীদের চাহিদা পূরণের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করব, এটা শুধু কথার কথা হবে না।
বিশ্বের ৫৭ জাতির অভিজাত ক্লাবে যুক্ত হওয়ার গৌরবকে সমুন্নত রাখতে হবে। ১৫ বছরের প্রতিটি মুহূর্ত গুনতে হবে। নীতিনির্ধারকদের মনে রাখতে হবে, ১৫ বছরের মধ্যে অন্তত তিন হাজার কোটি টাকার বিনিয়োগই শুধু তুলে আনা নয়, মহাকাশে আরও নতুন নতুন সম্ভাবনার সঙ্গে যুক্ত হওয়ার মতো রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাগত সামর্থ্য অর্জন এবং মেধাবী ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।
আমরা মহাকাশে বাংলাদেশের মাহেন্দ্রক্ষণ নিশ্চিতকারী সংশ্লিষ্ট রূপকারদের অভিনন্দন জানাই। তবে তাঁরা নিশ্চয় অনুক্ষণ স্মরণে রাখবেন, আকাশে আমরা যা উৎক্ষেপণ করেছি, তার সাফল্য নির্ভর করবে মাটিতে তার যথাযথ ব্যবহারের ওপর। দেশের স্থপতির নামে উৎক্ষেপিত স্যাটেলাইটের কোনো প্রকারের ব্যর্থতা বঙ্গবন্ধুর জন্য অবমাননাকর হবে।