আদম-হাওয়ার নাতি-নাতনিরা যে মারামারি করতেন না, তা নয়। হাতই মানুষের প্রথম অস্ত্র। শুধু হাত দিয়ে যখন শত্রুকে ঘায়েল করা সম্ভব হচ্ছিল না, তখন মানুষ হাতে তুলে নেয় হাতিয়ার। উদ্ভাবিত হতে থাকে নানা রকম অস্ত্র। লাঠি আদিম মানুষের সেই অস্ত্র, যা আজও বাতিল হয়নি। আদিম মানব সম্ভবত গাছের ডাল দিয়ে বানাত লাঠি। তারপর তারা বুঝতে পারে, বাঁশই এ জিনিসের জন্য সবচেয়ে উপযুক্ত। আদিম গুহা-মানবের প্রধান হাতিয়ার ছিল পাথরের তৈরি। পাথরের অস্ত্র আজও আমাদের দেশে কোথাও কোথাও এস্তেমাল করা হয়। যেমন আদিম স্বভাববিশিষ্ট ধর্মান্ধরা পাথর ছুড়ে শাস্তি দেয় গুনাহগার নারীকে। প্রাচ্যের ইতিহাসে অস্ত্রের তালিকায় সর্বশেষ সংযোজন চাপাতি। আর একটি দ্রব্যও বাংলার মানুষ আজকাল ব্যাপকভাবে ব্যবহার করছে হাতিয়ার হিসেবে, সেটি হলো চেয়ার। সে চেয়ার কাঠেরই হোক বা প্লাস্টিকেরই হোক। গত সপ্তাহে বন্দরনগরে সাবেক মেয়রের লোকদের সঙ্গে এক সাংসদের যুদ্ধ হয়। উভয় পক্ষেরই হাতিয়ার ছিল চেয়ার। চেয়ার একই সঙ্গে ঢাল এবং তলোয়ারের কাজ করেছে। চেয়ার দিয়েই আঘাত হানা হচ্ছে। কেউ চেয়ার দিয়েই আঘাত প্রতিহত করছেন। চেয়ার এতকাল ব্যবহূত হয়েছে বসার জন্য। এখন তা রেডিমেড হাতিয়ার। দেশে আলোচনা সভার সংখ্যা যত বাড়ছে, অস্ত্র হিসেবে চেয়ারের ব্যবহারও তত বাড়ছে। কোনো আলোচনা সভা এলাকার মাননীয় ও প্রাণপ্রিয়কে প্রধান অতিথি না করলে সেই অনুষ্ঠানের চেয়ারগুলো পরিণত হয় মারণাস্ত্রে। গত পৌনে চার বছরে চেয়ারের আঘাতে কেউ প্রাণত্যাগ না করলেও অসংখ্য বক্তা-শ্রোতার চোয়াল গেছে অথবা মাথা চৌচির হয়েছে। আগামী মেয়াদে মহাজোট সরকারকে সভা-সমাবেশে চেয়ারের ব্যবস্থা রাখা নিষিদ্ধ করে আইন করতে হবে। অথবা কোনো অনুষ্ঠানে চেয়ার রাখা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রিট পর্যন্ত হতে পারে। অস্ত্র হিসেবে লোহার রডও এখন বহুল ব্যবহূত। কারণ, ওটা সহজলভ্য। যে হারে বাড়িঘর উঠছে, তাতে যেকোনো জায়গায় লোহার রড পাওয়া যায়। পকেটে বা কোমরে পিস্তল, এক হাতে চাপাতি, আরেক হাতে রড—যখন যার ওপর যেটা প্রযোজ্য। শত্রুর ওপর প্রয়োগ করতে তলোয়ারের চল এখন নেই বললেই চলে। তবে বাংলার মাটিতে তলোয়ারেরই আধুনিক সংস্করণ চাপাতি। চাপাতির আকার ও দৈর্ঘ্য ক্রমাগত বাড়ছে। জোট সরকারের সময় যা ছিল দেড় ফুট, মহাজোটের সময় তা বেড়ে হয়েছে আড়াই থেকে তিন ফুট। অনেক দিন বাংলার কামারদের বিশেষ কাজকাম ছিল না। উপোস করে মরার দশা হয়েছিল। এখন কর্মকর্তারা কর্মব্যস্ত। দুই পয়সা রোজগার হচ্ছে। তাদের হাপরে এখন জ্বলছে আগুন—যেমন বাংলার মানুষের বুকে। পৃথিবীর দীর্ঘতম চাপাতি তৈরি হচ্ছে আজ আমাদের বাংলাদেশেই। গিনেস বুকে নাম উঠবে শিগগিরই। এগুলোকে চাপাতি বললে চাপাতি শব্দটির অবমাননা হয়। মানুষ এগুলোর নাম দিয়েছে মহাচাপাতি। ছাগলের জাতের মধ্যে যেগুলো আকারে বিরাট, সেগুলোর নাম রামছাগল। দা-এর মধ্যে যেগুলো বড়, তার নাম রামদা। চাপাতির মধ্যে যেগুলো দীর্ঘতর, সেগুলো রামচাপাতি। কেউ যদি রামচাপাতি টেলিভিশনে দেখে তৃপ্ত না হয়, তা হলে সে যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখতে পারে। ক্যাম্পাসগুলো এখন চকচক করছে চাপাতিতে। আধুনিক ও দেশজ অস্ত্রের এস্তেমাল দেখা গেল ২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। টেলিভিশনের দর্শকেরা ভয়ে কাঁপতে কাঁপতে শেষ। সাংবাদিকেরা লিখেছেন, ‘হঠাৎ করেই এত অস্ত্র এল কোথা থেকে? বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, ক্যাম্পাসে বর্তমানে ছাত্রলীগের পদধারী নেতাদের কাছে ১৩ থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার বেশির ভাগ প্রদর্শিত হয়েছে মঙ্গলবারের সংঘর্ষে।’ [সমকাল, ০৫.১০.১২]ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে যুদ্ধ হয়েছে। কাগজ থেকে জানা গেল, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ [কালের কণ্ঠ] দ্য ডেইলি স্টার করেছে আরও সুন্দর প্রতিবেদন। পিস্তলওয়ালা ও চাপাতিবাজেরা মার খাওয়া, জখম হওয়া প্রতিপক্ষের বিরুদ্ধ মামলা করতে থানায় গেলে জামাইয়ের চেয়েও বেশি সমাদর পান। সূর্য সেন যে সমাদর পাননি জীবদ্দশায়, তার চেয়ে বহুগুণ বেশি মর্যাদা আজ অস্ত্রধারী ও চাপাতিবাজদের। বীরের সম্মানে তারা সিক্ত। জনগণকে নিরাপত্তা দেওয়ার চেয়ে রাইফেল হাতে পুলিশ চাপাতিওয়ালাকে দেয় নিরাপত্তা। পিস্তলধারীর দেহরক্ষীর ভূমিকা পালন করে। থানায় গেলে চাপাতিবাজেরা পান ওসির কটাস কটাস স্যালুট। পুলিশ সুপার তাদের দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে জানান অভিবাদন। উপাচার্যের কক্ষে চাপাতিবাজেরা প্রবেশমাত্র তিনি দাঁড়িয়ে যান তড়াক করে। মাড়ি-হাসি দিয়ে বলেন, ‘আসো, বাবারা আসো। তোমাগোর বিষয়েই চিন্তা করতেছিলাম। ওদিন উচিত শিক্ষা দিসো।’আগামী এক বছরে যদি সব ইসলামি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে নির্মূল করা সম্ভব হয়, বন্ধ হয় ফতোয়াবাজি, কিন্তু আবির্ভাব ঘটে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে লাখ লাখ চাপাতিবাজের, তাতে সাধারণ মানুষের কী লাভ? পিস্তল, বোমা, রামদা, রামচাপাতি মধ্যযুগপন্থীদের হাতে থাকলেও যা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীপন্থীদের দুই হাতে থাকলেও তা-ই। ছুরি দিয়ে পায়ের রগ কাটলে যে ব্যথা, চাপাতির কোপে দেহ থেকে একটি বাহু বিচ্ছিন্ন হলেও সেই ব্যথা।দেশটাকে মানুষের বসবাসের উপযোগী রাখতে চাইলে মহাচাপাবাজ ও মহাচাপাতিবাজদের উৎখাতের কোনো বিকল্প নেই।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।