মহান বিজয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো শহীদের রক্তে রাঙা মহান বিজয় দিবস আজ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ যে যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ নয় মাসের অবর্ণনীয় ত্যাগ-তিতিক্ষার পর ১৬ ডিসেম্বর ঘটেছিল তার সাফল্যময় অবসান। সেই যুদ্ধে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন, তাঁদের সবার প্রতি রইল আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। মহান শহীদদের উদ্দেশে বলি: আমরা তোমাদের ভুলিনি, ভুলব না।বাংলাদেশ নামের ভূখণ্ডের সাড়ে সাত কোটি মানুষ ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সফল হয়েছিল দৃঢ় প্রত্যয় আর অশেষ ত্যাগ-তিতিক্ষার বলে। আমাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বুদ্ধিদীপ্ত ও সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পেরেছিল মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, দৃঢ় মনোবল, লড়াই-কুশলতা ও প্রাণ-উৎসর্গ করতে প্রস্তুত থাকার মানসিকতার কারণে। এসবের সঙ্গে যুক্ত হয়েছিল ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জোরালো সহযোগিতা এবং পৃথিবীর বিভিন্ন দেশের অনেক রাজনীতিক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী, কবি, সাহিত্যিকের নৈতিক সমর্থন। আমরা তাঁদের অবদানও কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।স্বাধীন স্বদেশকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল অনেক। স্বাধীন বাংলাদেশ হবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, মানবিক, শান্তিময় ও সমৃদ্ধ একটি দেশ। ইতিমধ্যে চারটি দশক পেরিয়ে গেছে; যখন আরও একটি বিজয় দিবস আমরা উদ্যাপন করছি, তখন পেছন ফিরে তাকিয়ে আমাদের একটু হিসাব মেলানো প্রয়োজন, মুক্তিযুদ্ধের স্বপ্ন আমরা কতটা পূরণ করতে পেরেছি।সন্দেহ নেই, বাংলাদেশ এগিয়েছে অনেক। দারিদ্র্য-পরিস্থিতির উন্নতি ঘটেছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিস্তার ঘটেছে, উৎপাদনের ভিত্তি কিছুটা জোরালো হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। কিন্তু তবু শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে আজও আমরা অনেক দূরে। জাতীয় রাজনীতি কলুষিত; দুর্নীতি ও সন্ত্রাস হয়ে উঠেছে রাজনীতির প্রধান বৈশিষ্ট্য। দলে গণতান্ত্রিক চর্চা নেই; দলে-দলে সম্পর্কের ক্ষেত্রেও গণতান্ত্রিক সহনশীলতার বড্ড অভাব। সুশাসন প্রতিষ্ঠা পায়নি, আইনের শাসন দুর্বল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মজবুত হয়নি। মানুষে মানুষে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, দুর্নীতি কমেনি। তবে আশাব্যঞ্জক বিষয়, জনসাধারণের গণতান্ত্রিক চেতনা বেড়েছে। শাসনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি হয়েছে আগের চেয়ে অনেক জোরালো।চার দশকের অনিষ্পন্ন যুদ্ধাপরাধের বিচার আমাদের ইতিহাসের এক বিরাট দায়। এবার আমরা যখন বিজয় দিবস উদ্যাপন করছি, তখন দেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। বিচার-প্রক্রিয়া সুসম্পন্ন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একান্ত জরুরি; এই বিষয়টিকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে প্রবল জনমত সব সময়ই রয়েছে, এখন এই দাবি আরও প্রবল হয়েছে। মানবতার বিরুদ্ধে শতাব্দীর নৃশংসতম অপরাধগুলোর বিচার সম্পন্ন করে শহীদদের রক্তের ঋণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দায় মেটানো অত্যন্ত জরুরি।