মহান বিজয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চের রাত থেকে আমাদের ওপর বর্বর হত্যাযজ্ঞ শুরু করেছিল, পরবর্তী নয় মাস ধরে এক সর্বাত্মক জনযুদ্ধে আমরা তাকে প্রতিহত করেছিলাম। সে বছরের ১৬ ডিসেম্বর ওই বর্বর দখলদার বাহিনীকে চূড়ান্তভাবে পরাস্ত করে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে শত্রুমুক্ত করি। বাঙালির হাজার বছরের জীবনে এমন বিজয় আর কখনো আসেনি। আজ আমাদের সেই বিজয় উদ্যাপনের দিন।
এ বিজয় অগণিত মানুষের আত্মত্যাগের ফল। আজ আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, কামারুজ্জামান ও এম মনসুর আলীকে।
পৃথিবীর অনেক দেশের ঔপনিবেশিক পরাধীনতার অবসান ঘটেছে বিনা রক্তপাতে। কিন্তু আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে রক্তক্ষয়ী জনযুদ্ধে অগণিত মানুষের প্রাণের বিনিময়ে: ‘এক সাগর রক্তের বিনিময়ে’। তাই প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদ্যাপনের সময় আমরা সর্বাগ্রে স্মরণ করি মুক্তিযুদ্ধের অগণিত শহীদকে।
এসব দিবসে আমাদের আত্মজিজ্ঞাসারও মুখোমুখি হতে হয়: স্বাধীনতার জন্য আত্মত্যাগের পেছনে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল, তার কতটা বাস্তবায়িত হয়েছে? মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক আদর্শ ও রীতিনীতি কতটা প্রতিষ্ঠা করতে পেরেছি? কতটা গণতান্ত্রিক হয়েছে আমাদের রাষ্ট্রপরিচালনার প্রক্রিয়াগুলো? রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ক্রিয়াকর্মে এবং তাদের পারস্পরিক আচরণে গণতান্ত্রিক সংস্কৃতি কতটা বিকশিত হয়েছে? আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমান অধিকার কি নিশ্চিত হয়েছে? সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল স্বাধীনতার চেতনার গুরুত্বপূর্ণ অংশ। এই ক্ষেত্রে কতটা অগ্রগতি সাধিত হয়েছে?
আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে উন্নতি ঘটেছে, দারিদ্র্য কমেছে। কিন্তু গণতন্ত্র এখনো ভঙ্গুর, আইনের শাসন দুর্বল। রাজনৈতিক সংস্কৃতির অবনমন মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরাট প্রতিবন্ধক হয়ে উঠেছে। ধর্মের নামে উগ্র রাজনীতি জন্ম দিয়েছে হিংস্র জঙ্গিবাদের। আমাদের সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলায় মনোযোগী হতে হবে। মত প্রকাশের স্বাধীনতা, পরমতসহিষ্ণুতা, আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমস্যা-সংকট সমাধানের মানসিকতা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অপরিহার্য। রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও একটি সচল ও কার্যকর রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব পক্ষের আন্তরিক প্রয়াস প্রয়োজন।
বিজয় দিবসে আমাদের সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের নবায়ন ঘটুক।