মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। তার আগে দীর্ঘ ৯ মাসের জনযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের সেই মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর ডাকে সর্বস্তরের মানুষ সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। মহান মুক্তিযুদ্ধ আমাদের ঐক্যবদ্ধ করেছিল এক অভিন্ন লক্ষ্যে। আমাদের মুক্তিযুদ্ধের প্রথম লক্ষ্য ছিল ঔপনিবেশিক পাকিস্তানি শাসনের অবসান। ১৬ ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরণ হয়েছে। স্বাধীনতার দ্বিতীয় লক্ষ্য একটি গণতান্ত্রিক ও সমতাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যেখানে ধর্ম বা বর্ণের নামে, জাতি বা গোষ্ঠীর নামে কারও প্রতি বৈষম্য করা হবে না।
প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকারের কথাই মনে করিয়ে দেয়। সেই সঙ্গে আত্মজিজ্ঞাসার মুখোমুখিও দাঁড় করায়। গত ৪৮ বছরে আমরা কী অর্জন করেছি, কী অর্জন করতে পারিনি। স্বীকার করতে হবে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন কম নয়। খাদ্যঘাটতির দেশ খাদ্যে স্বাবলম্বী হয়েছে। শিক্ষার হার বেড়েছে, দারিদ্র্যের হার কমেছে, স্বাস্থ্যসেবা প্রসারিত হয়েছে। মানুষের গড় আয় ও আয়ু দুটোই বেড়েছে। বার্ষিক প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, যা অনেক উন্নয়নশীল দেশই পারেনি।
এসবই আশার কথা, স্বস্তির কথা। কিন্তু সেই সঙ্গে অস্বস্তির বিষয় হলো ধনী ও দরিদ্রের বৈষম্য বেড়ে যাওয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত ভঙ্গুর দশা। আইনের শাসন প্রতিষ্ঠায়ও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। একদিকে নারীর ক্ষমতায় হয়েছে, অন্যদিকে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। রাষ্ট্রের তিনটি স্তম্ভ হলো আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। এই তিন প্রতিষ্ঠানের যেকোনো একটি দুর্বল হলে রাষ্ট্রের ভিতও দুর্বল হয়ে পড়ে। সুষ্ঠু নির্বাচন সব সময় সুষ্ঠু গণতন্ত্রের নিশ্চয়তা না দিলেও জনগণের অভিপ্রায় অনুযায়ী সরকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি, যাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়। আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের পর রাষ্ট্র নাগরিকদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় ব্রতী হবে, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বাধাগুলো দূর করবে, সেটাই জনগণ আশা করে।
রাজনীতিতে পথ ও মতের পার্থক্য থাকবে, কিন্তু সেটি কখনোই সংঘাত সৃষ্টির কারণ হতে পারে না। প্রতিটি মানুষ নির্ভয়ে মতপ্রকাশ করতে পারবে, দেশের উন্নয়ন ও জনকল্যাণে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবে, এটাই গণতান্ত্রিক শাসনের রীতি। আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল একটি সমতাভিত্তিক ও মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা। অর্থনীতির সূচকে আমরা ঢের এগিয়ে গেলেও গণতন্ত্র তথা নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতা, পরমতসহিষ্ণুতার ক্ষেত্রে পিছিয়ে আছি। রাজনৈতিক সংস্কৃতিকে আমরা এমন স্তরে নিয়ে যেতে পারিনি, যেখানে মতভেদ সত্ত্বেও সব রাজনৈতিক দল জাতীয় স্বার্থের প্রশ্নে একমত হবে। সংকীর্ণ দলীয় স্বার্থের ওপর জাতীয় স্বার্থকে স্থান দিতে পারিনি। অনেক অর্জন সত্ত্বেও বিজয়ের ৪৮তম বার্ষিকীতে এই ব্যর্থতার কথাও স্বীকার করতে হবে।
আর দুই বছর পরই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশ আর্থসামাজিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ উন্নত হবে। একাত্তরে লাখ লাখ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার সুফল ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে বাংলাদেশের সব মানুষ পাবে, বিজয় দিবসে এটাই প্রত্যাশা।