মহান স্বাধীনতা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে এসেছে সেই ঐতিহাসিক দিনটি, যেদিন শুরু হয়েছিল এক সর্বাত্মক জনযুদ্ধ, লাখো প্রাণের বিনিময়ে যার সফল পরিণতিতে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আজ ৪৫তম স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সব শহীদকে। গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ সব নেতার স্মৃতির প্রতি। শহীদ পরিবার ও নৃশংসতার শিকার মা-বোনদের প্রতি জানাই আন্তরিক সংহতি ও সহমর্মিতা।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল গোটা জাতি। কিন্তু সেই হানাদারদের সহযোগিতা করেছিল এ দেশেরই কিছু মানুষ: রাজাকার, আলবদর, আলশামস। তারা পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় শুধু সহযোগিতাই করেনি, নিজেরাও সংঘটিত করেছিল মানবতার বিরুদ্ধে অপরাধ। এখন তাদের বিচার চলছে। চূড়ান্ত বিচারপ্রক্রিয়া শেষে এক আসামির ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে, আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে বাকি সব মামলা। আমরা আশা করি, এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্ক থেকে মুক্ত হবে।
মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল জাতীয় ঐক্য, ন্যায় ও গণতন্ত্র; মুক্তিসংগ্রামের মর্মকথা ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক—সব ধরনের অন্যায়-অবিচার ও বৈষম্য থেকে মানুষের মুক্তি। দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন সূচকে আমাদের অনেক অগ্রগতি হলেও গণতন্ত্রের আশানুরূপ বিকাশ ঘটেনি। আমরা যখন স্বাধীনতা দিবস উদ্যাপন করছি, দেশ তখন গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। রাজনৈতিক সহিংসতায় মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি প্রচুর। একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার খর্বিত, অন্যদিকে তাদের রাজনৈতিক কর্মসূচিতে রয়েছে দায়িত্বশীলতার অভাব। দুই প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের দ্বন্দ্ব-সংঘাত এবং এক পক্ষের ক্ষমতা ধরে রাখা, অন্য পক্ষের ক্ষমতায় যাওয়ার উদগ্র প্রচেষ্টায় দেশ পর্যুদস্ত। স্বাধীনতার স্বপ্ন এমন ছিল না।
স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা, উভয় রাজনৈতিক পক্ষ চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে উদ্যোগী হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।