আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনটিতেই শুরু হয়েছিল সর্বাত্মক জনযুদ্ধ, লাখো প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আজ ৪৬তম স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সব শহীদকে। গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ সব নেতার স্মৃতির প্রতি। মুক্তিযুদ্ধের শহীদ পরিবার ও নৃশংসতার শিকার মা-বোনদের প্রতিও রইল আন্তরিক সংহতি ও সহমর্মিতা।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল গোটা জাতি। কিন্তু এই দেশেরই কিছু কুলাঙ্গার হানাদারদের সহযোগিতা করেছিল, যারা রাজাকার, আলবদর, আলশামস নামে পরিচিত। তারা পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় শুধু সহযোগিতাই করেনি, নিজেরাও সংঘটিত করেছিল মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। দেরিতে হলেও মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু মামলার দণ্ড কার্যকর হয়েছে, আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে আরও কয়েকটি মামলা। আমরা আশা করি, এই বিচার-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে।
মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল জাতীয় ঐক্য, ন্যায় ও গণতন্ত্র; স্বাধীনতার মর্মবাণী ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক—সব ধরনের অন্যায়-অবিচার ও বৈষম্য থেকে মানুষের মুক্তি। বিগত বছরগুলোতে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন সূচকে আমাদের অনেক অগ্রগতি হয়েছে, সন্দেহ নেই। কিন্তু গণতন্ত্রের আশানুরূপ বিকাশ ঘটেনি।
আমরা যখন স্বাধীনতা দিবস উদ্যাপন করছি, দেশে তখন জঙ্গিবাদী শক্তির আগ্রাসী থাবা লক্ষ করা যাচ্ছে। গত এক বছরে এদের হাতে দুই বিদেশিসহ বেশ কজন খুন হয়েছেন। দেশ, স্বাধীনতা ও মানবতার এই শত্রুদের মূলোৎপাটন করতে সর্বাত্মক অভিযানের পাশাপাশি চাই জাতীয় ঐকমত্য।
স্বাধীনতার স্বপ্ন ছিল সর্বস্তরে গণতন্ত্রায়ণ ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক নির্বাচনগুলোতে তার বিপরীত চিত্রই প্রতিফলিত হচ্ছে। গণতন্ত্রকে সংহত ও অর্থবহ করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যায়, সততা ও সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই।