১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার বেগবান পর্যায়ে এসেছে আরও একটি ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। এই দিনে মুক্তিযুদ্ধের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি আমরা অনুভব করছি মানবতাবিরোধী অপরাধের বিচার সুসম্পন্ন করার তাগিদ। কেননা, চার দশকের বেশি সময় ধরে অনিষ্পন্ন এই দায়িত্বটি এক ঐতিহাসিক ভারের মতো চেপে আছে জাতির বুকের ওপর। এই ভার থেকে মুক্তি পাওয়া জরুরি।গণতান্ত্রিক অধিকারের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের এই দিনে যে দীর্ঘ ও রক্তক্ষয়ী জনযুদ্ধের সূচনা ঘটেছিল, লাখো প্রাণের বিনিময়ে নয় মাস পর তার অবসান ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সব শহীদকে। গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ সব নেতার স্মৃতির প্রতি। সীমাহীন বর্বরতার শিকার অগণিত নারী ও শহীদ-পরিবারগুলোর সদস্যদের প্রতি জানাই সংহতি ও সহমর্মিতা।একাত্তরে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল গোটা জাতি। কিন্তু সেই হানাদারদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছিল এ দেশেরই কিছু মানুষ। রাজাকার, আলবদর, আলশামস বাহিনী পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় শুধু যে সহযোগিতাই করেছিল, তা নয়; তারা নিজেরাও অস্ত্র ধরেছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে; নিরীহ মানুষের ওপরেও চালিয়েছিল নির্মম অত্যাচার-নির্যাতন। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে তাদের বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত জানুয়ারি থেকে এ পর্যন্ত দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। দণ্ডিত আসামিরা জামায়াতে ইসলামীর নেতা; দলটি এসব রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সহিংস পন্থা বেছে নিয়েছে এবং তার ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। অন্য দিকে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে তরুণ সমাজের অহিংস আন্দোলন চলছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে দেশজুড়ে ব্যাপক জনমত সন্দেহাতীত বিষয়। এ প্রক্রিয়া অবশ্যই সুসম্পন্ন করতে হবে।মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র; আমাদের পুরো মুক্তিসংগ্রামের মর্মকথা ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব ধরনের অন্যায়-অবিচার, বৈষম্য থেকে মানুষের মুক্তি। সেই পথে বেশি দূর এগোতে পারিনি। চার দশকের বেশি সময়েও আমাদের গণতন্ত্র প্রত্যাশিত পথে বিকশিত হতে পারেনি। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অবশ্যই কিছু অগ্রগতি হয়েছে, তবে মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ করতে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার সংগ্রামে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরের মতো ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশ সামনের পথে এগিয়ে চলুক।