মহানগর নাট্যমঞ্চে সবই আছে, কেবল নাটক নেই। অবহেলা ও অব্যবস্থাপনায় নাট্যকর্মীরা এর প্রতি বিমুখ। এর দায়িত্ব অবিভক্ত সিটি করপোরেশনের হাত হয়ে এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওপর। কিন্তু গতকাল রোববারের প্রথম আলোয় প্রকাশিত এর মলিন, নোংরা দশার ছবি ও খবর বলে, অর্পিত দায়িত্ব পালন করেনি নগর প্রশাসন।
মহানগর নাট্যমঞ্চে কেন নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বদলে শুধু রাজনৈতিক ও বাণিজ্যিক অনুষ্ঠানই হয়; তার উত্তর অবশ্যই নগর প্রশাসনকে দিতে হবে। নাটকের জন্য তৈরি মঞ্চে এসব অনুষ্ঠান চলতে থাকলে সংস্কৃতি মন্ত্রণালয়কে তার বিহিত করতে হবে। কেবল অর্থ বরাদ্দ করেই সংস্কৃতিকেন্দ্র গড়া যায় না। এর জন্য প্রয়োজন যোগ্য হাতের নিবিড় যত্ন। শিল্পকলা একাডেমীর সাফল্য নাট্যমঞ্চের ব্যর্থতাকে আরও প্রকট করে। সংস্কৃতিকর্মীদের কাছে একে আকর্ষণীয় করার দায়িত্বটা কি পালন করেছে সিটি করপোরেশন? যদি এর আরও আধুনিকায়ন দরকার হয়, তাহলে তা করতেই বা অসুবিধা কী? ইমারত আর যন্ত্রবাহনের জঙ্গল এই ঢাকায় সংস্কৃতিচর্চার পরিসর থাকা জরুরি।
নাট্যমঞ্চের সফল না হওয়ার কোনো কারণ ছিল না। রাজধানীর গুলিস্তানে বঙ্গভবন, মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়াম আর মহানগর নাট্যমঞ্চ যেন এক ত্রিভুজের তিনটি বিন্দু। নতুন ও পুরান ঢাকার সন্ধিস্থলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনতিদূরেই এর অবস্থান। শুধু অবস্থানের সুবিধাই নয়, অবকাঠামো ও কারিগরি দিক থেকেও এটি অনাধুনিক ছিল না। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার কিছু পরে একে ‘কাজী বশির মিলনায়তন’ নাম দিয়ে উন্নত শব্দযন্ত্র, আলোকসজ্জা, দামি আসন দিয়ে সমৃদ্ধও করা হয়। কিন্তু অবহেলা ও অব্যবস্থাপনায় সবই নষ্ট হতে বসেছে।
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, জগতে যোগ্য লোক থাকলেও তাকে দেখাবার যোগ্য মঞ্চ পাওয়া যায় না। আমাদের যোগ্য মঞ্চ থাকলেও তা ব্যবহারের উপযুক্ত তদারকি থাকে না বলেই আমাদের ‘যোগ্য’রা অযোগ্যদের কাছে হেরে যায়।