গত বৃহস্পতিবারের প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা মহানগরে গৃহ কর নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে বিশৃঙ্খলার কিছু চিত্র ফুটে উঠেছে, যা হতাশাব্যঞ্জক। ৪০ বছর আগে তৈরি একটা বাড়ির মালিক গত অর্থবছরে ৯ হাজার ২০০ টাকা গৃহ কর পরিশোধ করেছেন, কিন্তু গত মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেই বাড়ির বার্ষিক কর ৯৮ হাজার ২৬০ টাকা নির্ধারণ করে বাড়িওয়ালাকে চিঠি দিয়েছে। অর্থাৎ এক বছরের মাথায় গৃহ কর বাড়ানো হয়েছে প্রায় ১১ গুণ।
নতুন ও পুরোনো বাড়ির গৃহ করের মধ্যে বৈষম্য কমানোর উদ্দেশ্যে ঢাকার উভয় সিটি করপোরেশনের গৃহ কর পুনর্মূল্যায়নের যে কাজ চলছে, তা অবশ্যই প্রয়োজনীয়। এই কাজ করা উচিত নিয়মকানুন অনুসরণ করে, সুষ্ঠুভাবে ও সততার সঙ্গে। কিন্তু এমন অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে যে, নিয়ম অনুযায়ী যে পরিমাণ কর ধার্য করার কথা, তার চেয়ে অনেক বেশি ধার্য করে চিঠি দেওয়া হচ্ছে।
গৃহ কর ধার্য করার সময় ফ্ল্যাট বা বাড়ির আয়তন যথাযথভাবে নির্ধারণ না করে চোখের দেখা কিংবা অনুমানের ভিত্তিতে তা করা হচ্ছে। উচ্চ হারে কর ধার্য করে বাড়িওয়ালার কাছে চিঠি পাঠানোর পর বাড়িওয়ালাদের দৌড়ঝাঁপ করতে হয় করের ‘অতিমূল্যায়ন পরিবর্তন করে যৌক্তিক’ করার জন্য। এখানেই অবৈধ আর্থিক লেনদেন হচ্ছে। মোদ্দা কথায়, উৎকোচ আদায়ের চাপ হিসেবে অস্বাভাবিক উচ্চ হারে কর ধার্য করে চিঠি দেওয়া হয়, তারপর অবৈধ লেনদেনের মাধ্যমে একটা মীমাংসা করা হয়।
এই অভিযোগ সত্য হলে শুধু বাড়ির মালিকেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সিটি করপোরেশনেরও ক্ষতি হচ্ছে। তাই এই অনৈতিক চর্চা এখনই বন্ধ করা দরকার। মাঠপর্যায়ে যাঁরা কাজ করছেন, তাঁদের ওপর কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি বাড়িওয়ালাদের অভিযোগ শোনা এবং তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা উচিত।
সিটি করপোরেশন জনগণের করের টাকায় পরিচালিত হয়, তার সব কাজ সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে নাগরিক সমাজের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে। প্রতিটি ওয়ার্ডে গৃহ কর নির্ধারণের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে নাগরিক উদ্যোগ একান্ত প্রয়োজন।