গতকাল সোমবার প্রথম আলোয় মালিবাগের খানাখন্দভরা যে সড়কটির ছবি ছাপা হয়েছে, তাতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কিংবা সিটি করপোরেশন কর্তৃপক্ষের বোধোদয় হবে বলে মনে হয় না। প্রথমত, যাঁদের বিষয়টি দেখভাল করার কথা, তাঁরা পত্রিকার খবরকে তেমন পাত্তা দেন না। ঈদের আগে সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে যোগাযোগমন্ত্রী রুষ্ট হয়ে বলেছিলেন, ওগুলো তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন নয়। যারই আওতাধীন হোক না কেন, তিনি নিশ্চয়ই সরকারের বাইরের কেউ নন। আর যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন সড়কগুলো যে মসৃণ, সে কথাও জোর দিয়ে বলা যাবে না।
এ কথা ঠিক যে নগর-মহানগরের সড়কগুলো মেরামতের দায়িত্ব সিটি করপোরেশন, তথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের। সিটি করপোরেশনগুলোর অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় যথাসময়ে বরাদ্দ না দেওয়ার কারণেই তারা মহানগরের সড়কগুলো মেরামত করতে পারছে না। আবার সরকারের দাবি, সিটি করপোরেশনগুলোর ব্যর্থতার কারণে এমনটি হচ্ছে। কিন্তু নগরবাসীর অপরাধ কী? তারা কেন দুর্ভোগ পোহাবে? দুই মাস আগে চট্টগ্রাম মহানগরের সড়ক মেরামতে তিন কোটি টাকা খরচ করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সড়কের সদ্য মেরামতকাজ বৃষ্টির পানিতে ধুয়েমুছে গেছে। সড়ক-মহাসড়ক সংস্কারের জন্য সম্ভবত তারা বর্ষাকালকেই মোক্ষম সময় হিসেবে বেছে নিতে পছন্দ করে।
অন্যান্য মহানগরে জবাবদিহির জন্য নির্বাচিত মেয়র–কাউন্সিলর আছেন, কিন্তু ঢাকা মহানগরে তাও নেই। সিটি করপোরেশনকে উত্তর-দক্ষিণে ভাগ করার সময় বলা হয়েছিল, নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। গত আড়াই বছরে নগরবাসী কী পরিমাণ সেবা পেয়েছে এবং পাচ্ছে, মালিবাগের সড়কটি তার একটি উদাহরণ মাত্র। নগরজুড়ে এ রকম বহু বেহাল সড়ক থাকলেও কর্তৃপক্ষ নির্বিকার।
তবে যেসব সড়ক দিয়ে মাননীয় ভিভিআইপিরা চলাচল করেন, সেসব সড়ক অনেকটা খানাখন্দমুক্ত। তাই আমাদের প্রস্তাব, সব সড়কই ভিভিআইপি সড়ক হিসেবে ঘোষণা করা হোক। জনগণকে এ দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।