মহানবী (সা.)-এর জীবনদর্শন হোক পাথেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব সৃষ্টিকর্তার তরফে মানবজাতির জন্য আশীর্বাদ হিসেবে গণ্য করেন বিশ্বের সব মুসলমান। তিনি শুধু সমগ্র আরবকে ঐক্যবদ্ধই করেননি, মানবজাতির সামনে ন্যায় ও মানবতার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর শিক্ষায় শিক্ষিত মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বে শান্তি, কল্যাণ ও জ্ঞানের আলো জ্বালিয়ে রাখছেন। ইসলামের এই মহানবী নবুয়তপ্রাপ্তির আগেই খ্যাতি অর্জন করেছিলেন ‘আল-আমিন’ হিসেবে। তাঁর মধ্যে সম্মিলন ঘটেছিল সমুদয় মানবীয় সদ্‌গুণের: করুণা, ক্ষমাশীলতা, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতা, শান্তিবাদিতা। অসাধারণ চিন্তাশীল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। চিন্তাকে কাজে রূপ দিতে তাঁর সমগ্র জীবন হয়ে ওঠে বিপুল কর্মময়। 

মানব-ইতিহাস ও বিশ্বকে এককভাবে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন হজরত মুহাম্মদ (সা.)। তাঁর অাবির্ভাবের আগের ও পরের ইতিহাস কোনোভাবেই আর এক থাকেনি। তিনি ছিলেন মুসলমানদের রাসুল; কিন্তু অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষকেও তিনি ভালোবাসতেন সমানভাবে। সকল রকম বৈষম্যের বিরুদ্ধে তাঁর জীবনাচরণ ছিল অনন্য উদাহরণ। তাঁর সত্য ও ন্যায়ের আদর্শ ছিল সর্বমানবিক। আজকের পৃথিবীতে যে হিংসা-হানাহানি চলছে, তা থেকে পরিত্রাণে এই মহান ব্যক্তিত্বের দেখানো শান্তি ও সমঝোতার কোনো বিকল্প নেই। হজরত মুহাম্মদ (সা.) মানুষের প্রতি ভালোবাসা ও করুণার অনন্য দৃষ্টান্ত। তিনি সৃষ্টির সেরা জীব মানুষের শ্রেষ্ঠতম বন্ধু।