মহামারিতেও নারী-শিশু নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস মহামারি ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়ার মাসখানেক পর থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে শুরু করে যে বিভিন্ন শহরে অপরাধের ঘটনা কমে গেছে। এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস প্রভৃতি শহরে বড় অপরাধগুলো বেশ কমেছে। ২৮ মে নিউইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে একটি সংবাদের শিরোনাম ছিল ‘আ প্যান্ডেমিক ব্রাইট স্পট: ইন মেনি প্লেসেস, ক্রাইমলেস’।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যবেক্ষকদের বরাতে লেখা হয়েছে, লকডাউনের ফলে লোকজনের ঘরে অবরুদ্ধ থাকা সেসব শহরে অপরাধবৃত্তি কমে যাওয়ার কারণ। এটা সাধারণ জ্ঞানেও বোধগম্য: বাংলাদেশেও রাস্তাঘাটের অপরাধ কমেছে। অন্তত চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণের মতো অপরাধগুলোর খবর অন্যান্য সময়ের চেয়ে কম পাওয়া গেছে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, আমাদের দেশে এই সময়েও নারী ও শিশুদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে বেশ উল্লেখযোগ্য মাত্রায়। ২৬ মার্চ থেকে শুরু হয়েছে সাধারণ ছুটি এবং তার কিছুটা পরে অঘোষিত লকডাউন। তখন থেকে ৩ জুন পর্যন্ত দুই মাস সাত দিনে শুধু ঢাকা মহানগরেই নারী–শিশু নির্যাতনের অভিযোগে ১৯৭টি মামলা দায়ের হয়েছে। এগুলোর মধ্যে ৬৪টি মামলাই হয়েছে ধর্ষণের অভিযোগে (৮টি মামলা গণধর্ষণের)। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ৫১টি। নারী ও শিশু অপহরণের অভিযোগে এবং শারীরিক নির্যাতনের অভিযোগে মামলার সংখ্যা যথাক্রমে ৩৬ ও ৭।

শনিবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখিত এসব পরিসংখ্যান পাওয়া গেছে ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে। এসব সংখ্যা থেকে আমরা শুধু সেই সব নির্যাতনের ঘটনার খবরই পাচ্ছি, যেগুলো পুলিশের খাতায় মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। এ থেকে এই সময়ে নারী–শিশু নির্যাতনের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয়। কারণ, লকডাউন চলা অবস্থায় গণপরিবহন বন্ধ থাকায় অপরাধের শিকার হয়েও অনেক ভুক্তভোগী নারী–শিশুর পরিবার থানায় মামলা করতে যেতে পারেনি; অনেকে বাড়তি ঝামেলা এড়াতে কিংবা আরও নির্যাতনের ভয় থেকে মামলা করতে যাননি। তা ছাড়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার অনেক নারী ও শিশুর পরিবার সামাজিক মর্যাদা ও পারিবারিক সম্মানহানির আশঙ্কায় গোপনীয়তা অবলম্বন করাকেই শ্রেয় মনে করে—এটা শুধু মহামারিকালে নয়, সব সময়ই।

সুতরাং, বিশেষজ্ঞ-পর্যবেক্ষকেরা যেমন বলছেন, নারী-শিশু নির্যাতনের ঘটনা এই মহামারিকালেও দৃশ্যমান সংখ্যার তুলনায় অনেক বেশি ঘটে থাকার আশঙ্কাই বেশি। মে মাসজুড়ে ঢাকা মহানগরে কঠোর লকডাউনের মধ্যেও ২৩ জন নারীকে নির্যাতনের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৮ জন।

শুধু ঢাকা মহানগরের এই চিত্র থেকে চলমান মহামারির মধ্যে সারা দেশের নারী-শিশু নির্যাতনের চিত্র পাওয়া সম্ভব নয়। তবে সাধারণভাবে অনুমান করা সম্ভব: কোথাও এসব অপরাধ কমার কারণ নেই। কেননা, যেসব কারণে নারী-শিশুদের ওপর ধর্ষণ ও যৌন নির্যাতনসহ নানা ধরনের অপরাধের প্রবণতা আমাদের দেশে বেশি, সেগুলোর অন্যতম হলো নারী-শিশুদের ওপর নির্যাতনকারীদের বিচার ও শাস্তির দৃষ্টান্ত হতাশাব্যঞ্জকভাবে কম। মহামারির কারণে তাদের শাস্তি পাওয়ার আশঙ্কা বাড়েনি। সুতরাং এই ‘বিচারহীনতার সংস্কৃতি’র অবসান ছাড়া যে নারী-শিশুদের নিরাপত্তা বাড়ানো সম্ভব নয়, তা এই মহামারিকালে আরও একবার স্পষ্ট হলো।