শনিবার ১ আগস্ট থেকে সারা দেশের জাতীয় মহাসড়কে তিন চাকার অটোরিকশা ও অযান্ত্রিক যান চলাচল বন্ধ করা যথার্থ হয়েছে, কিন্তু বিকল্প কী? মানুষ তো চলাফেরা হঠাৎ করে কমিয়ে দিতে পারবে না। আর অটোরিকশার মালিক-চালকেরা কি পথে বসবেন? তাঁদের রুটি–রুজির কথাও তো ভাবতে হবে। এসব কারণে সব জায়গায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যায়নি। জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশে অটোরিকশা চালকেরা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। যাত্রীরাও বিপদে পড়ে ক্ষুব্ধ হয়েছেন।
এবার ঈদের আগে-পরের কয়েক দিনে বিভিন্ন স্থানে মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রায় ২৫০ জনের মৃত্যু ও কয়েক শ যাত্রী আহত হওয়ার পর সড়ক পরিবহনে নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে ওঠে। এ অবস্থায় গত ২৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মাত্র চার দিনের সময় দিয়ে মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মহাসড়কে ধীরগতির যানবাহন দুর্ঘটনা ডেকে আনে বটে, কিন্তু এটা বন্ধ করতে হলে পূর্বপ্রস্তুতি দরকার। বিদ্যমান বাসের সংখ্যা অপ্রতুল। শিক্ষার্থী, হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগী ও অন্যান্য ক্ষেত্রে মহাসড়কে যাতায়াতের সুব্যবস্থা না করে সব তিন চাকার যান বন্ধ করে দিলে সেটা জনজীবনে আরেক ধরনের সমস্যা সৃষ্টি করবে।
মহাসড়কে অটোরিকশায় আবারও নিষেধাজ্ঞামহাসড়কে নৈরাজ্য আমাদের পুরোনো ব্যাধি। তিন চাকার যানই শুধু নয়, ভটভটি, নছিমন-করিমন, মহাসড়ক কার্যত দখল করে হাটবাজার বসানোসহ আরও নানা ধরনের উপদ্রব বড় ঝুঁকি হয়ে উঠেছে। এত দিন পুলিশ, প্রশাসন ও মন্ত্রীদের টনক নড়েনি। এখন হঠাৎ খড়্গহস্ত হলে চলবে কেন? পরিকল্পিত বিকল্প ব্যবস্থা নিয়ে এগুলো বন্ধ করতে হবে। ভটভটি বন্ধ করতে হলে স্বল্প দূরত্বে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ট্রাক-বাসের সংখ্যা বাড়াতে হবে। অন্যদিকে, নির্দিষ্ট দূরত্বে জনপ্রতি নির্দিষ্ট ভাড়ায় ট্যাক্সিতে যাত্রী পরিবহনের নিয়ম অবিলম্বে চালু করা দরকার। এ ধরনের বিকল্প ব্যবস্থা থাকলে মহাসড়কে অটোরিকশার চাহিদাও আর থাকবে না, সড়ক দুর্ঘটনার আশঙ্কাও কমবে।