মহাসড়কে ডাকাত দলের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-যশোর মহাসড়কের আড়ুয়াকান্দি সেতুর কাছে সোহাগ পরিবহনের একটি যাত্রীসুদ্ধ বাসে ডাকাতির যে বিবরণ মঙ্গলবারের প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে, তা এককথায় লোমহর্ষক। ডাকাতেরা শুধু যাত্রীদের টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্রই নেয়নি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করেছে অন্তত ১০ জন যাত্রীকে। সড়ক-মহাসড়কগুলো কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, তার একটি দৃষ্টান্ত এই লোমহর্ষক ঘটনা।
সড়ক-মহাসড়কে ডাকাতির ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। কিছু মহাসড়কের নির্দিষ্ট কিছু অংশেই বারবার ডাকাতির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন ফরিদপুরের ঢাকা-যশোর মহাসড়কের মধুখালী-কামারখালী অংশে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত পর পর তিন রাতে তিনটি বাসে ডাকাতি হয়েছে। আর চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে সেপ্টেম্বর মাসের ১৩ তারিখের পর ডাকাতির ঘটনা ঘটেছে আটটি। ২৪ অক্টোবর ভোররাতে গোয়ালন্দের কাছে ডাকাতি হয়েছে সোহাগ পরিবহনের কলকাতাগামী একটি বাসে। ২৭ অক্টোবর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি হয়েছে একটি মাইক্রোবাসে।
মহাসড়কে মধ্যরাতে বিভীষিকাসড়ক-মহাসড়কগুলোর এই নিরাপত্তাহীনতা আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিতবহ। পুলিশের ভূমিকায় পরিবহন-মালিকদের তরফে হতাশা প্রকাশের খবর বেরিয়েছে। অন্যদিকে একজন পুলিশ সুপার মন্তব্য করেছেন, পুলিশের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয়হীনতা ও সচেতনতার অভাবে মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়েছে। কিন্তু এ রকম পাল্টাপাল্টি বক্তব্যে সমস্যাটি সমাধানের সম্ভাবনা নেই। সড়ক-মহাসড়কে জনসাধারণের নিরাপদে চলাচল নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পরিবহন মালিক ও শ্রমিকদের সচেতনতা-সতর্কতাও নিশ্চয়ই দরকার। তবে সবচেয়ে বেশি জরুরি হাইওয়ে পুলিশের রাতের টহল জোরদার ও বিস্তৃত করাসহ ডাকাতদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করা।