বুধবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় অর্ধশতাধিক যাত্রীসমেত যে বাসটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই ২৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেটির চালক বাসটি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে। যাত্রীরা তাঁকে সাবধান করেছিলেন, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করেননি। তিনি ও তাঁর সহকারী মারা যাননি, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসলে কী ঘটেছিল, কীভাবে ও কেন বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল—এসব বিষয় জানার জন্য তাঁকে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে। দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে খবর বেরিয়েছে। আশা করি তারা দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সক্ষম হবে।
মহাসড়কে মৃত্যুর বিভীষিকাবাসটির আহত চালক পুলিশের কাছে দাবি করেছেন, যাত্রীদের মধ্যে থাকা কয়েকজন ডাকাত তাঁকে মারধর করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পরে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। যদিও পুলিশ বলেছে, চালকের এই দাবি অসত্য। প্রকৃত সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে রাতের বেলা চলাচলকারী আন্তনগর বাসগুলোতে নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণহানি ঘটে চলেছে। এ নিয়ে অনেক লেখালেখি, টিভিতে টক শো, সভা-সেমিনার হয়, এমনকি সড়ক দুর্ঘটনা রোধের দাবিতে আন্দোলনও চলছে। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো সাধারণভাবে জানা, চালকদের বেপরোয়া গাড়ি চালানো সেগুলোর মধ্যে অন্যতম। বুধবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনাটিও দৃশ্যত বেপরোয়া গাড়ি চালানোর কারণেই ঘটেছে। এটা যেন এমন মর্মান্তিক এক ঘটনা, যেখানে এক বেপরোয়া বাসচালকের হাতে খুন হয়ে গেলেন ২৫ জন মানুষ। কিন্তু এই গুরুতর অপরাধের দায়ে ওই বেপরোয়া চালকের কী শাস্তি হবে? বা আদৌ কোনো শাস্তি হবে কি না?
বিচার না হওয়া ও শাস্তি না পাওয়ার ফলে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা প্রাণঘাতী পর্যায়ে পৌঁছেছে। এর রাশ টানা খুব জরুরি।