মহাসড়কে মৃত্যুর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে সড়কপথে চলাচলের সময় দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়—এই সত্য জানা থাকা সত্ত্বেও যানবাহনের চালকদের একাংশের বেপরোয়াভাবে যান চালানোর প্রবণতা কমছে না। গত ঈদুল ফিতরের সময় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ জনের বেশি প্রাণ হারিয়েছে, ঈদুল আজহার সময় তা বেড়ে হয়েছে প্রতিদিন গড়ে ১৭ জনের বেশি।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার অত্যন্ত বেশি—প্রতি ১০ হাজার যানবাহনে ৮৫ দশমিক ৫। পশ্চিমা দেশগুলোতে এই হার প্রতি ১০ হাজার যানবাহনে মাত্র ৩। আর সড়ক দুর্ঘটনায় প্রতিবছর কত লোক নিহত হয়, তা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত নেই। পুলিশের হিসাবে সংখ্যাটি তিন-চার হাজারের বেশি নয়, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে তা ২০ থেকে ২১ হাজারের বেশি। আর বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি নামের এক বেসরকারি সংস্থা সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে হিসাব করে দেখেছে, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮ হাজার ৬৪২ জন।
বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণএ দেশে সড়ক দুর্ঘটনার অতি উচ্চ হারের কারণ বহুমুখী। নির্ধারিত গতিসীমার চেয়ে অনেক বেশি গতিতে যান চালানোর প্রবণতা প্রধান কারণগুলোর একটি। কোনো কোনো বিশেষজ্ঞ বলেন, সড়কের সংকীর্ণতা, বিপজ্জনক বাঁক ইত্যাদি সমস্যাকে ছাপিয়ে যায় বেপরোয়া যান চালানোর প্রবণতা। অনেক চালক রাস্তা ফাঁকা পেলেই যানবাহনের গতি বিপজ্জনক মাত্রায় বাড়িয়ে দেন, ফলে দুর্ঘটনা বেশি হয়, হতাহত মানুষের সংখ্যাও অনেক বাড়ে। বেপরোয়া যান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানির দায়ে চালকের বিচার ও শাস্তি হয় না। এমনকি শাস্তির দাবি উঠলে, কিংবা মামলা হলে মোটরযান শ্রমিকেরা আন্দোলন শুরু করেন, মন্ত্রী পর্যায়ের নেতারাও সেই অন্যায় আন্দোলনে ইন্ধন জোগান। এভাবে চালকদের দোষে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলো প্রতিকারহীন থেকে যায়। মোটরযান আইনে সড়ক দুর্ঘটনায় দণ্ডিত চালকের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড; কিন্তু এই আইনের প্রয়োগ নেই; দণ্ডবিধির অধীনে মামলা হলে সে মামলার নিষ্পত্তি হয় না।
যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ—সবাই যেন ধরে নিয়েছে সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ও অঙ্গহানি যেন অপ্রতিকার্য সমস্যা। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। যানবাহনের চালকদের বেপরোয়া যান চালানো দ্রুত বন্ধ করতে হবে। লাইসেন্সবিহীন যানচালক, ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় নামতে না পারে, তা নিশ্চিত করতে হবে।