মহাসড়কে যুবলীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটের কারণে দেশের সড়ক-মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে অনেক বিঘ্ন ঘটে। ফলে বিশেষত রাজধানীর সঙ্গে অন্যান্য শহরের সড়ক যোগাযোগ বেশ অনিশ্চিত। উদাহরণস্বরূপ, ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে যাওয়া-আসার পেছনে কতটা সময় ব্যয় হতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় যদি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোনো স্থানে সভা-সমাবেশের আয়োজন করা হয়, তাহলে যানজট কী দীর্ঘ ও দুর্ভোগপূর্ণ হয়ে উঠতে পারে, তার একটা চিত্র পাওয়া গেল গত বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সোনারগাঁ উপজেলা শাখার নেতা-কর্মী ও সমর্থকেরা মহাসড়কের ওপর মঞ্চ বানিয়ে তার সামনে প্রায় ১ হাজার ২০০ চেয়ার বসিয়ে সভার আয়োজন করেছিলেন। গাড়িবহর নিয়ে সেখানে হাজির হয়েছিলেন সংগঠনটির নেতারা, মিছিল নিয়ে দলে দলে যোগ দিতে এসেছিলেন কর্মী-সমর্থকেরা। ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। জটে আটকে পড়া শত শত যানবাহনের যাত্রীদের যে ভীষণ ভোগান্তি ও সময়ক্ষয় হয়েছে, তা বলাই বাহুল্য।
প্রশ্ন হচ্ছে, সড়ক-মহাসড়কের ওপর মঞ্চ বানিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত যাঁরা নিয়েছিলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সেই নেতাদের কি জানা ছিল না যে এর ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হবে, দুর্ভোগ হবে বিপুলসংখ্যক মানুষের? সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, সভা করার অনুমতি নেওয়া হয়নি। তাহলে অনুমোদনহীন সভা পুলিশ করতে দিল কেন? অনুমোদন ছাড়াই মহাসড়কের ওপর মঞ্চ বানানোর কাজ শুরু হয় আগের দিন, অর্থাৎ মঙ্গলবার রাত থেকে। যান চলাচলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে তখন থেকেই। ওই সময় পুলিশ কী করছিল? মঞ্চ তৈরির সময়ই কেন বাধা দেয়নি?
ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনগুলোর নেতারা যদি জনসাধারণের দুর্ভোগে ভ্রুক্ষেপ না করেন, নিয়মকানুনের ধার না ধারেন, তাহলে তাঁদের রাজনীতি জনসমর্থন পাবে কী করে? ক্ষমতা ও শক্তির দাপট রাজনীতিতে হিতে বিপরীত ডেকে আনে। এসবের পুনরাবৃত্তি বন্ধ করতে দলের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেওয়া জরুরি।