মহাসড়কে 'আনফিট' বাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি নামের যে বাহনগুলো চলে, সেগুলোর চলার কথা সংযোগ সড়কে। দ্রুতগতিসম্পন্ন গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণহীনভাবে ধীরগতির এসব গাড়ি মহাসড়কে চলার কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। বহুবার এ বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করা হয়েছে। বিগত সময়ে প্রায় সব যোগাযোগমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে মহাসড়কে এসব গাড়ি আর চলবে না। ২০১০ সালেও পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার কিছুই বদলায়নি। এখন উচ্চ আদালত নির্দেশনা দেওয়ার পর তা পালন করা বাধ্যতামূলক হয়ে গেল। এ জন্য জেলা প্রশাসনের প্রতি নির্দেশনাসংবলিত একটি পরিপত্র জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপে হয়তো স্বল্পদূরত্বের যাত্রীদের কিছু অসুবিধা হবে। কিন্তু মহাসড়ক নিরাপদ হওয়া মানে সবারই নিরাপত্তা বাড়া। এ বিষয়টিও সবাইকে বুঝতে হবে। বিভিন্ন সড়কের অবস্থা এবং নকশার ওপর নির্ভর করে গাড়ি চালনার গতি কত হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়। সেই নিয়ম মেনে চালকদের যানবাহন চালানোর কথা। এ ছাড়া গতি পরিমাপকযন্ত্রের মাধ্যমে বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে কি না, তা নির্ণয় করা যায়। পুলিশের কাছে যন্ত্রটি আছে; তারপরও ব্যবহার যথেষ্ট নয়। মোদ্দা কথা, আমাদের এগোতে হবে। এগোতে হলে সড়কে শৃঙ্খলা ও আইন মানার বিষয়ে কোনো আপস করা যাবে না।

ছয় মাস পরে আদালতের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি-বিষয়ক প্রতিবেদন দিতে বলেছেন আদালত। অতএব কাজ শুরু করতে হবে শিগগিরই। তার জন্য সদিচ্ছার পাশাপাশি মহাসড়কে পুলিশের দুর্নীতিও বন্ধ করা আবশ্যক।