সড়ক উদ্বোধনের এক মাস পরেই যদি কার্পেটিং উঠে যায়, তবে বুঝতে হবে মহাসড়ক নির্মাণে কী ধরনের মহা খামখেয়ালি হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কের নগর চার লেন সড়কের কিছু অংশ উদ্বোধনের পরপরই কার্যত চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে যান চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আবার তা সংস্কার করা হয়। এর মাস চারেকের মধ্যে সড়ক ফিরে এসেছে সেই আগের অবস্থায়। জনগণের অর্থের অপচয় আর কাকে বলে।
এক মাসের মধ্যে কীভাবে কোনো মহাসড়কের প্রায় আধা কিলোমিটার জায়গার কার্পেটিং উঠে যায়, খানাখন্দ তৈরি হয়, তা সত্যিই এক বড় প্রশ্ন। একটি মহাসড়ক নির্মাণের কারিগরি ও প্রকৌশলগত কিছু দিক রয়েছে। সেগুলো বিবেচনায় নেওয়া হলে এমন হওয়ার কথা নয়। বোঝা যায় কতটা দায়সারাভাবে এই কাজটি হয়েছে। জোড়াতালির সংস্কার করেও এখন কাজ হচ্ছে না। রাস্তাটির এ অংশটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সব দায়দায়িত্বহীনতা জায়েজ করার কিছু যুক্তি থাকে। রংপুরের এই সড়কটির ক্ষেত্রেও তেমন কিছু যুক্তি তুলে ধরা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রংপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী বলেছেন, চার লেন সড়ক তৈরির আগে এখানে বর্জ্য ফেলা হতো। বর্ষা মৌসুমে এখানে পানি জমে কার্পেটিং উঠে যায়। ফলে এখন এই জায়গাটুকু খণ্ডিতভাবে না করে পুনরায় বানাতে হবে বলে তিনি মন্তব্য করেন। আমাদের প্রশ্ন, মহাসড়ক নির্মাণের আগে কি এটা বিবেচনায় নেওয়া উচিত ছিল না যে জায়গাটিতে আগে বর্জ্য ফেলা হতো। সেখানকার মাটির অবস্থা কী পর্যায়ে রয়েছে, তা কি সড়কটি বানানোর আগে পরীক্ষা করা হয়নি?
বোঝা যায় কীভাবে চলছে আমাদের প্রশাসনযন্ত্র আর যাঁরা এটা চালাচ্ছেন, তঁারা কতটুকু দায়িত্বের সঙ্গে কাজ করছেন। জবাবদিহি ও স্বচ্ছতার স্বার্থে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। জনগণের পয়সা নষ্ট করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করা উচিত।