এটা আশাব্যঞ্জক যে দশম সংসদের ১৫টি কমিটির শতাধিক সদস্যের মোট ২৪ বার প্রধানত ‘শিক্ষা সফরে’ বিদেশ সফরের যথার্থতা নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গুরুতর প্রশ্ন তুলেছেন। এ ধরনের বিদেশ সফর নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মনে করেন স্পিকার। অন্যদিকে অর্থমন্ত্রীর মন্তব্য, মন্ত্রণালয়ের টাকায় সাংসদদের বিদেশ সফরে আর্থিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এখন এর প্রতিকারে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে।
বিদেশ সফরের বিষয়ে তৈরি হওয়া প্রশ্নের দুটি প্রধান দিক আছে। একটি হলো এত ঘন ঘন বিদেশে শিক্ষা সফরের আদৌ দরকার আছে কি না। দ্বিতীয়ত, যদি এর দরকারও পড়ে তাহলে সেই টাকা কোথা থেকে আসবে, মন্ত্রণালয় এর জোগান দেবে নাকি সংসদের বাজেট?
আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করে আসছি যে, ক্ষমতার পৃথক্করণের নীতির লঙ্ঘন ঘটছে। অথচ সাংসদেরা এ বিষয়ে উদাসীন। মন্ত্রণালয়ের কোনো তহবিল গ্রহণে সাংসদদের আপত্তি থাকার কথা। কারণ, এটা সংসদের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। স্পিকার যথার্থই বলেছেন যে ‘নির্বাহী বিভাগের টাকায় বিদেশ সফর করলে কমিটিগুলোর স্বাধীনভাবে কাজ করার সুযোগ কমে যায়।’ বাস্তবে আমরা দেখছি যে শুধু সংসদীয় কমিটিই নয়, নির্বাহী বিভাগের পাঠানো বিভিন্ন বিল সংসদে প্রায় বিনা তর্ক-বিতর্ক ও উপযুক্ত সংশোধনী আনা ছাড়াই পাস হচ্ছে এবং এই প্রবণতা বাড়ছে। মন্ত্রণালয়গুলোর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জবাবদিহির ব্যাপারে সংসদ কম সোচ্চার।
গণতান্ত্রিক দেশগুলোতে এ বিষয়ে লিখিত নীতিমালা রয়েছে। ভারতে ২০০৫ সালের নীতিমালায় ‘নিরঙ্কুশভাবে প্রয়োজনীয়’ মনে না হলে সাংসদদের এমনকি দেশের ভেতরেও ‘শিক্ষা সফর’ নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরও এ ধরনের একটি নীতিমালা দরকার এবং সংসদকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। সাংসদদের বিদেশ সফরের মন্ত্রণালয়ওয়ারি খরচের হিসাব বিস্তারিত প্রকাশ করতে হবে। নাগরিকদের উচিত তথ্য অধিকার আইনে এটা দাবি করা। এ বিষয়ে আমরা অবিলম্বে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ভূমিকা আশা করি।