মহিলা ও শিশু মন্ত্রণালয় কী করছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীসমাজের উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নানা ধরনের দায়িত্ব পালন করার কথা। কোন কর্তৃপক্ষের কাজের অগ্রগতি কতটা হলো, এসব বিষয়ে তথ্য থাকার কথা মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ে। কিন্তু এ মন্ত্রণালয়ের কাছে সেসব তথ্য নেই। এর অর্থ কী? কোথাও কোনো কাজ কি হচ্ছে না?
এ প্রশ্ন জাগছে অত্যন্ত যৌক্তিক কারণে। জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০১৩ সালে যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ১০ বছর। স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা দুই বছর, যা ইতিমধ্যে পেরিয়ে গেছে। অর্থাৎ, যে সময়ের মধ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার কথা, সে সময়জুড়ে কতটুকু কাজ হয়েছে, সেটাই জানে না মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়, যার দায়িত্ব বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের সমন্বয় করা।
কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলো গত দুই বছরে কিছু কাজ যদি করে থাকে, তবে তার তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোয় থাকবে—এটাই স্বাভাবিক প্রত্যাশা। যেহেতু স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের সময় পেরিয়ে গেছে, সেহেতু এ সম্পর্কে একটা মূল্যায়ন প্রতিবেদন ইতিমধ্যে তৈরি করা ছিল মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু এ মন্ত্রণালয় তা করেনি। এর ব্যাখ্যা দিতে গিয়ে সচিব বলেছেন, মন্ত্রণালয় ও বিভাগগুলো যে যার মতো কাজ করে যাচ্ছে। তবে কোন মন্ত্রণালয় কত শতাংশ কাজ করেছে, সে ধরনের তথ্য দেওয়া সম্ভব নয়। এ বক্তব্য দায়িত্বশীলতার পরিচায়ক নয়।
কিছু ব্যর্থতা দৃশ্যমান: স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোয় ৫০ শতাংশ নারীর প্রার্থিতা বিষয়ে একটি আইন প্রণয়ন, প্রচলিত আইন পর্যালোচনার জন্য একটি টাস্কফোর্স গঠনসহ অনেক কাজ করা হয়নি, যেগুলো স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনার আওতায় গত দুই বছরের মধ্যে সম্পন্ন করার দায়িত্ব ছিল। দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের চিত্রও হতাশাব্যঞ্জক। সংশ্লিষ্ট পরিষদ ও কমিটিগুলোর সভাগুলোও নিয়মিত হয় না। নারীর উন্নয়নে সরকারের অঙ্গীকার প্রগতিমুখী; কিন্তু তার বাস্তবায়নে কোনো গতি নেই। এর দায় কার?