মহিলা হকিতে গ্রামের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা আগের চেয়েও জমে উঠছে। আরও বেশি জেলার বেশি বেশি মেয়েরা হকি খেলতে নামছেন, তাই প্রতিবছরই দল বাড়ছে। এবার ঢাকায় খেলতে এসেছে নতুন আরও তিনটি দল। খেয়াল করার বিষয়, এই নারী হকি খেলোয়াড়েরা বেশির ভাগই গ্রাম থেকে আসা। গ্রাম ও মফস্বলের স্কুলের মাঠে খেলতে খেলতে জাতীয় পর্যায়ে উঠে আসা নিঃসন্দেহে নারীর এগিয়ে যাওয়ার এক রোমাঞ্চকর গল্প। এভাবে কেবল নিজেদেরই নন, তাঁরা আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকেই।
যে দেশে বাল্যবিবাহের প্রকোপ, যে দেশে নারীকে অবরোধ করে রাখার আয়োজন রয়েছে, সেখানে এসব সাধারণ মেয়েদের অসাধারণ উদ্যম ও সাহসকে অভিনন্দন জানাতেই হয়। একই সঙ্গে মনে রাখতে হবে, বাংলাদেশের সমাজ শেষ বিচারে রক্ষণশীলতার নামে মেয়েদের আটকে রাখার পক্ষপাতী নয়। নইলে গ্রাম-মফস্বলের সমাজ ও পরিবার থেকে এসব মেয়ে উঠে আসতে পারতেন না। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের এএফসি কাপ প্রতিযোগিতায় যে নারী দলটি চ্যাম্পিয়ন হয়েছে, তাদের অধিকাংশই উঠে এসেছে ময়মনসিংহের গারো পাহাড়ঘেঁষা কলসিন্দুর নামের এক প্রত্যন্ত গ্রাম থেকে। প্রান্ত থেকে কেন্দ্রে উঠে আসার এই শক্তি দেশের যুবসমাজের আত্মশক্তিরই প্রমাণ এবং ইদানীং মেয়েদের কাছ থেকেই তার প্রকাশ বেশি ঘটছে।
লক্ষ করা যায়, বিদ্যালয়ের শিক্ষকেরাই সাধারণত খেলার বিকাশে উদ্যোগী হন। আমরা চাই, কোনো শিক্ষক ক্রীড়া সংগঠক বা প্রশিক্ষকের দায়িত্ব পালন করলে সরকার থেকে তাঁর ও তাঁর শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্রীড়া ভাতা দেওয়ার বন্দোবস্ত করা হোক। জেলা ক্রীড়া সংস্থা এ ভাতার ব্যবস্থা করতে পারে।
দেশ মানে মানুষ, আর সেই মানুষের অর্ধেকই নারী। তাই খেলার মাঠে খেলোয়াড়ের ভূমিকায় নারীদের এগিয়ে আসা দেশের অগ্রগতির পথকে আরও প্রশস্ত করে বৈকি। মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল-কলেজে খেলার মাঠের সুবিধা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ বিষয়টির দিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে।