অপ্রকৃতিস্থ নারীটির পাশে কেউ ছিল না। এর মধ্যেই নিজে নিজে সন্তান প্রসব করেন। জায়গাটি মানুষের বসবাসের যোগ্য নয়—সরকারি দপ্তরের নিচতলার স্যাঁতসেঁতে মেঝে—কিন্তু সেখানেই জ্বলে উঠল মানবতার একরত্তি আলো। আগন্তুক তিন নারী এসে প্রসূতি ও নবজাতকের জীবন বাঁচান। শিশুটিকে কোলে তুলে নিয়েছেন আরেক নারী। যার কেউ নেই, তার জন্যও মানবতা দাঁড়ায়। আবারও প্রমাণিত হয়, মানুষ মানুষের জন্য।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বিআইডব্লিউটিএ ভবনের নিচতলায় মাঝেমধ্যে থাকতেন এক অপ্রকৃতিস্থ ভবঘুরে নারী। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর স্থানীয় ব্যক্তিরা একাধিকবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে এলেও তিনি পালিয়ে আসেন। মানসিক ভারসাম্যহীন এই নারী ওই অবস্থাতেই সন্তান প্রসব করেন। এ অবস্থায় স্বাস্থ্যকর্মী অথবা ধাত্রীর দরকার হলেও নারীটি কাউকেই কাছে ঘেঁষতে দিচ্ছিলেন না। তারপরও স্থানীয় দুই নিম্নবিত্ত শ্রমজীবী নারী একজন স্বাস্থ্যকর্মীকে নিয়ে তাঁর সাহায্যে এগিয়ে আসেন। হয়তো সহজাত প্রবৃত্তির বশে নারীদের মধ্যে এই সহমর্মিতা তৈরি হয়ে গিয়েছিল। তাতে করে যা হওয়ার কথা ছিল করুণ, তাই হয়ে উঠল মহৎ এক দৃষ্টান্ত।
সাহায্যকারী নারীরা নবজাতক শিশুপুত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। পুলিশের এক এসআইও নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেন। আর শিশুটি এখন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার মমতাময় কোলে আশ্রিত আছে। এ ঘটনা শেখায় যে, যে শিশুটির মা অপ্রকৃতিস্থ, যার বাবা দায় এড়িয়ে পালিয়েছেন, তারও জন্য আশা আছে। অনাথের দায়িত্ব নেওয়ার জন্য সমাজের সদস্যরা এগিয়ে আসছেন, এটা এক দৃষ্টান্ত সৃষ্টিকারী ঘটনা। সরকারি প্রতিষ্ঠান আর সমাজের সদস্যরা যদি মানবতার টানে এক হয়, তাহলে কত কত আশার প্রদীপ যে জ্বলে উঠতে পারে!
আমাদের চারপাশেও এ রকম অনাথ ও আশ্রয়হীন মানুষ রয়েছে, রয়েছে আশ্রয়হীন শিশু। পটুয়াখালীর ওই তিন নারীর মতো মানুষ আরও আছেন, এ আমরা বিশ্বাস করি। শুধু প্রয়োজন আমাদের ভেতরের মানবতাকে বাঁচিয়ে রাখার স্বার্থেই একটুখানি ত্যাগ স্বীকার।