মাগুরায় খাল দখল করে অবৈধ স্থাপনা
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়ার খাল দখল করে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলার খবরটি উদ্বেগজনক। বুধবার প্রথমআলোর খবরে বলা হয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব স্থাপনা নির্মাণ করেছেন। অবৈধ স্থাপনা গড়ে তোলার ফলে ২০ কিলোমিটার দীর্ঘ খালটি সরু হয়ে গেছে। ফলে পানির প্রবাহও কমে যাচ্ছে। হারাচ্ছে নাব্যতা। এতে উপজেলার ১২টি বিলসহ খালসংলগ্ন অন্তত ৮০ হাজার একর জমি জলাবদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খাল-বিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। অথচ পাউবোর মাগুরা কার্যালয় এ ব্যাপারে নির্বিকার। এভাবে বড় একটি খাল বেদখল হয়ে যাচ্ছে কিন্তু তারা তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের এই অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয় কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় তিন দশক আগে পাউবো খালটি সংস্কার করেছিল। সংস্কারের পর খালের প্রশস্ততা ছিল ৯১ ফুট। খাল দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করায় প্রশস্ততা অর্ধেকও নেই। কৃষকদের অভিযোগ, দখলদারদের সঙ্গে পাউবোর গোপন আঁতাত আছে। এ কারণে খালটিতে দিন দিন দখলদারের সংখ্যা বাড়ছে। কৃষকদের এ অভিযোগ যদি সত্য হয়, তাহলে তা খুবই উদ্বেগের বিষয়।
তবে শুধু বড়রিয়ার খাল নয়, দেশের আরও বহু স্থানে এভাবে অবাধে খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। এতে অনেক খাল সংকুচিত হয়ে পড়েছে। এ ছাড়া যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক খাল হারিয়ে গেছে। খালের খনন হয় না ঠিকমতো। বছরের পর বছর পলি জমার ফলে খালের নাব্যতা হারিয়ে অনেক খাল এখন মৃতপ্রায়। এ কারণে জলাশয়নির্ভর সেচব্যবস্থা ভেঙে পড়ছে। খাল-বিল শুকিয়ে যাওয়ায় জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।
মাগুরার বড়রিয়ার খালসহ দেশের সব খাল দখলমুক্ত করে সেগুলোতে পানির প্রবাহ নিশ্চিত করার জন্য পাউবোকে উদ্যোগ নিতে হবে। খাল দখলের সঙ্গে পাউবোর যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।