সন্দেহভাজনদের ধরার অভিযান চালাতে গিয়ে পুলিশ মাগুরায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের অন্তত ছয়টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে যে অভিযোগ উঠেছে, তাতে স্তম্ভিত হতে হয়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন কাজ কী করে করতে পারেন? তাঁরা কি দুর্বৃত্তদের সঙ্গে নিজেদের পার্থক্য জানেন না?
মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার মঘিরঢাল এলাকায় গত শনিবার রাতে দুর্বৃত্তরা একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালালে ট্রাকটির চালকসহ নয়জন শ্রমিক দগ্ধ হন। তাঁদের তিনজন মারা যান, অন্যরা চিকিৎসাধীন। যারা এই নৃশংস অপরাধ করেছে, তাদের অবশ্যই গ্রেপ্তার করে বিচার করা উচিত। কিন্তু এ জন্য বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ঘরবাড়িতে ভাঙচুর চালানো বা অগ্নিসংযোগ করা আইন প্রয়োগের পদ্ধতি হতে পারে না।
পুলিশের বিশেষ অভিযানের নামে হয়রানির অভিযোগপ্রথমত, ট্রাকে পেট্রলবোমা হামলা যারা চালিয়েছে, তাদের সঠিকভাবে শনাক্ত করা উচিত। সন্দেহের বশে বিরোধী বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযান চালানো, এবং সেই অভিযানের অংশ হিসেবে তাদের ঘরবাড়িতে ভাঙচুর চালানো বা আগুন ধরিয়ে দেওয়া গুরুতর অন্যায়। মাগুরার পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করল, তা এই রাষ্ট্রের আইন প্রয়োগ ব্যবস্থার মর্মমূলেই আঘাত হেনেছে।
এ দেশে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা পরস্পরের ওপর এ ধরনের সহিংস দুর্বৃত্তপনা করে থাকে, যা নিবৃত্ত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু এখন সেই বাহিনীর সদস্যরাও যদি একই ধরনের আচরণ করেন, তখন উদ্বিগ্ন না হয়ে পারা যায় না।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালে যারা পেট্রলবোমা, ককটেল ও আগুন দিয়ে মানুষ মারছে, তাদের বিরুদ্ধে কঠোরতম অভিযান চালানো জরুরি। কিন্তু সেসব অভিযান অবশ্যই আইনের আওতায় চালাতে হবে। দুর্বৃত্তদের নাশকতার জবাবে পুলিশ বাহিনীও যদি একই ধরনের সহিংসতায় লিপ্ত হয়, তাহলে রাষ্ট্রের শাসনব্যবস্থা বলে আর কিছু থাকে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেটা নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন