মাগুরায় ভিজিএফের চাল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল আত্মসাতের ঘটনা নতুন নয়। কিন্তু মাগুরার নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) দুস্থ ও দরিদ্র মানুষের নামে বরাদ্দ চাল নিয়ে যা হয়েছে, তাকে পুকুরচুরি বললেও অত্যুক্তি হবে না। গরিবের হক মেরে খাওয়ার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক ও সরকারি কর্মকর্তা সবাই তৎপর এবং ধরা পড়লে একে অপরের ওপর দোষ চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এসব চলতে দেওয়া যায় না।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে নহাটা ইউনিয়নে ১ হাজার ৬২৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তির জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান সেই চাল তাঁদের না দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ আছে। রোববার প্রথমে দুই ব্যবসায়ীর বাড়ি থেকে ১ হাজার ১০০ কেজি চাল এবং পরে অপর এক ব্যবসায়ীর গুদাম থেকে ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা এবং এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউপি চেয়ারম্যানের দাবি, ভিজিএফের চালে গন্ধ থাকায় গরিব লোকেরা তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। তাহলে উদ্ধার করা চালের বস্তার মুখ বন্ধ ও খাদ্য বিভাগের সিল থাকল কীভাবে? এখানে ইউএনওর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ভিজিএফের চাল উদ্ধারের কৃতিত্ব তিনি দাবি করতে পারেন। কিন্তু স্থানীয় রাজনীতিকদের দাবি অনুযায়ী ইউপি চেয়ারম্যানের কাছে ৩০০ ভিজিএফ কার্ড তিনি চাইতে পারেন না। গরিব লোকের ভিজিএফ কার্ডের চাল কি তিনি রাজনীতিকদের দেওয়ার সুপারিশ করতে পারেন?
নহাটা ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক। আত্মসাৎকারীরা যেন পার না পান। গরিবের রক্ষক সেজে যঁারা তাঁদের হক মেরে খান বা খাওয়ার চেষ্টা করেন, তাঁদের জনপ্রতিনিধি হিসেবে ছাড় পাওয়ার সুযোগ নেই।