গত রোববার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্ষমতাসীন দলের সাংসদ সিরাজুল আকবর। সে অনুষ্ঠানে তাঁর সামনেই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা দুজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে প্রহার করেছেন। ওই সাংসদ সংবাদমাধ্যমকে বলেছেন, সরকারি কর্মকর্তাদের প্রহার করার ঘটনাটি তাঁর চোখের সামনে ঘটেনি। কিন্তু কিছু প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, তাঁর চোখের সামনে তো বটেই, বরং তাঁর নির্দেশেই শাসক দলের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী সরকারি কর্মকর্তাদের ওপর আক্রমণ চালিয়েছেন।কিন্তু কেন এই দাপট? ব্যাখ্যাটি পাওয়া গেল শ্রীপুরের আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের কাছে। তিনি প্রথম আলোকে বলেছেন, ‘কৃষি কর্মকর্তারা আমাদের পছন্দের কৃষকদের তালিকাভুক্ত করেননি। এ কারণে এমপির সামনে একটু ধোলাই দিয়েছি।’ অর্থাৎ ক্ষমতাসীন দলের ওই নেতা-কর্মীরা তাঁদের দলের সাংসদকে দেখিয়ে দিয়েছেন, ‘অবাধ্য’ সরকারি কর্মকর্তাদের শায়েস্তা করতে তাঁরা কত পারদর্শী!কিন্তু কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণের কিছু নীতিমালা আছে; কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেসব মেনেই কাজ করতে হয়। সাংসদ বা স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের পছন্দমতো কিছু মানুষের নামের তালিকা তৈরি করে কৃষি অফিসকে যদি বলেন, ওই ব্যক্তিদের পাওয়ার টিলার দিতেই হবে, তাহলে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ, তাঁরা নীতিমালার বাইরে গিয়ে পাওয়ার টিলার বিতরণ করতে পারেন না।কিন্তু এসব যুক্তি সরকারি দলের সাংসদ বা স্থানীয় নেতা-কর্মীদের বিবেচনার বিষয় নয়: তাঁদের ক্ষমতা আছে, গায়ে জোরও কম নেই। তাই তাঁরা তাঁদের ‘অবাধ্য’ সরকারি কর্মকর্তাদের ধোলাই দিয়েছেন; পাওয়ার টিলার বিতরণ স্থগিত করা হয়েছে। আমাদের প্রশ্ন, মাগুরায় কি তাহলে প্রশাসন বা থানা-পুলিশ নেই? দেশের কোনো আইনকানুন কি সেখানে কাজ করে না? যদি এসব কার্যকর থাকে, তাহলে সরকারি কর্মকর্তাদের প্রহারকারী ওই দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আর স্থানীয় সাংসদের উচিত সরকারি কর্মকর্তাদের ওপর অবৈধ প্রভাব খাটানো এবং দলীয় নেতা-কর্মীদের দুর্বৃত্তপনায় মদদ দেওয়া থেকে বিরত হওয়া।