মাতৃভাষার প্রতি অবহেলা
ফেব্রুয়ারি মাস। ভাষা আন্দোলনের মাস। ১৯৫২ সালের এই মাসে ইতিহাসে কী ঘটেছিল, তা সবার জানা। এই মাসে মাতৃভাষার জন্য প্রাণ দিলেন দেশের দামাল ছেলেরা।একুশে ফেব্রুয়ারির সেই দিনটি আজ আন্তর্জাতিকভাবে পালিত হয়। এ দিবসকে কেন্দ্র করে গড়ে ওঠে বইমেলা। ফুলে ফুলে সুরভিত হয় শহীদ মিনার। যেই দিবসটি অতিবাহিত হয়ে যায়, অমনি মাতৃভাষা ইংরেজির স্রোতে ভেসে যায়। কথোপকথনে আমরা এত বেশি ইংরেজি শব্দ ব্যবহার করি যে, মাতৃভাষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সাধারণ লোকদের জন্য তা বোঝা মুশকিল হয়ে যায়। বলা চলে, ‘ইংরেজি ভাষার মাঝেমধ্যে বাংলার ব্যবহার।’ ইংরেজি ভাষার প্রতি আমাদের ভক্তি আর মাতৃভাষার প্রতি শ্রদ্ধা—যেন হাতে ছুরি মুখে হলো ভালোবাসার বুলি। এর জন্য কি জীবন দিলেন ভাষাশহীদেরা। বিদেশি ভাষা ব্যবহারে বাধা দিলে বলা হয়—বাংলা ভাষার পূর্ণতা নেই। তাদের বোঝা উচিত, বিদেশি ভাষার জন্য যতটুকু মেহনত করা হয়, এতটুকু মাতৃভাষার জন্য করা হলে অবশ্যই তা পূর্ণতা লাভ করবে। ভাষা কখনো এমনিতে পূর্ণতা পায় না, তাকে পূর্ণতা দিতে হয়। মাসউদ আলিমী কল্যাণপুর, মিরপুর, ঢাকা।