মাতৃভাষায় সংলাপ ও বাক্যালাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহ তাআলা মানুষকে কথা বলা, পড়া ও শেখার জন্য বোধগম্য ও জ্ঞানপূর্ণ আলোকিত ভাষা কণ্ঠে দিয়েছেন। মাতৃভাষাকে দিয়েছেন পরিপূর্ণ উপলব্ধির ক্ষমতা। তাই মানবসন্তান জন্মের পর মায়ের ভাষায় চলে তার আত্মার শিক্ষাকাজ এবং অভিব্যক্তি প্রকাশ ও ভাব লেনদেনের পালা; যাতে তারা একে অন্যের সঙ্গে ভাবের আদান-প্রদান করে বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পারে। মহান সৃষ্টিকর্তা মাতৃভাষাকেই শিশুর আত্মার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে গেঁথে দেন। এ জন্য মাতৃভাষা মানবাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। শৈশবে মাতৃক্রোড়ে যে ভাষায় সর্বপ্রথম মানবশিশুর মুখে ফুটে ওঠে ‘মা’ শব্দটি, তা-ই মাতৃভাষা, প্রাণের ভাষা। হূদয়ের ব্যক্ত-অব্যক্ত সব লৈখিক বা মৌখিক ভাষার বহিঃপ্রকাশ মায়ের ভাষায় ঘটে থাকে। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, মেধা-মনন, সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা ও চিন্তাচেতনায় মানবজাতি যে গৌরবময় অবস্থানে এসে দাঁড়িয়েছে, তার মুখে রয়েছে স্রষ্টা প্রদত্ত বাকশক্তি বা মাতৃভাষা। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের যেকোনো ভাষায় কথা বলা তার স্বভাবজাত, জন্মগত, সর্বজনীন এবং আল্লাহ প্রদত্ত মানবাধিকার। দৈনন্দিন জীবনে মানুষের মুখের প্রাত্যহিক ভাষা কেমন হওয়া উচিত এবং মাতৃভাষাকে কীভাবে ব্যবহার করতে হবে, এ ব্যাপারে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা ও আদর্শ নীতিমালা রয়েছে। পরিবেশ পরিস্থিতি ও অবস্থাভেদে প্রয়োজনীয় কথা বলার ধরন, প্রকার ও বিন্যাস বিভিন্ন রকম হয়ে থাকে। মানুষ সবাক প্রাণী। তার বাগ্যন্ত্র ও মাতৃভাষার ব্যবহার যত সুন্দর ও যথার্থ হবে; ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি-শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ততই পরিলক্ষিত হবে। এ জন্য কথা বলার সময় সবার সজাগ-সচেতন থাকা উচিত। এ সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘কথায় কে উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সত্কর্ম সম্পাদন করে এবং বলে, “আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত”।’ (সূরা হা-মীম আস-সাজদা, আয়াত: ৫)মানুষের সঙ্গে পারস্পরিক আলোচনায় যে কথা বলা হবে, তা উত্তম ও জ্ঞানসমৃদ্ধ হওয়া বাঞ্ছনীয়। কথা যেন জনকল্যাণকামী ও চমকপ্রদ হয়, ভাষার দ্বারা নিজের ও অন্যের উপকার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাসুলুল্লাহ (সা.) শুদ্ধ ভাষায় কথা বলতেন। তাঁর বক্তৃতা ও বাচনভঙ্গি ছিল অতুলনীয়। তিনি বিশুদ্ধ মাতৃভাষার অধিকারী ছিলেন। পবিত্র কোরআনে বুদ্ধিমত্তা, উত্তম বাক্য ও ভাষা দ্বারা ইসলাম প্রচারের আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা আহ্বান করো এবং তাদের সঙ্গে সদ্ভাবে আলোচনা করো।’ (সূরা আন-নাহল, আয়াত-১২৫)জনসমাবেশে বা মজলিসে উপবিষ্ট হয়ে এমন ভাষায় কথা বলা যাবে না, যাতে অন্যের তিরস্কার প্রচ্ছন্ন আছে এবং যা ব্যক্তির মর্যাদার জন্য হানিকর। কথাবার্তা, বক্তৃতা বা বিবৃতি দ্বারা কোনো সময় গর্ব, অহমিকা, বাহাদুরি, শ্রেষ্ঠত্ব এবং আত্মপ্র্রচারও উদ্দেশ্য হয়ে থাকে। কখনো বক্তব্য দ্বারা মানুষকে অভিভূত বা বিভ্রান্ত করা যায়, আসক্ত করা সম্ভব হয়। আবার কখনো কথার দ্বারা শুধু বিনোদন ও ফুর্তি করা উদ্দেশ্য হয়ে থাকে। এমন সব উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো মানুষ নেহাত সাজানো-গোছানো, কাব্যধর্মী ও প্রাণস্পর্শী ভাষায় বক্তৃতা করে। কেউ অকারণে বক্তৃতাকে দীর্ঘায়িত করে এবং অত্যন্ত চিবিয়ে চিবিয়ে কথা বলে। রাসুলুল্লাহ (সা.) এসব অসদাচরণকে পছন্দ করতেন না। তিনি এগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছেন, ‘আল্লাহ তাআলা ওই দীর্ঘভাষী বক্তৃতাকারীকে মোটেই পছন্দ করেন না, যে তার রসনাকে এমনভাবে ভাঙচুর করতে থাকে, যেভাবে একটি গরু জাবর কাটার সময় ঘাস খায়।’দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে নারীদেরও প্রাঞ্জল কথা বলতে হয়, বাক্যালাপ করতে হয়। পুরুষের উচিত নরম, বুদ্ধিদীপ্ত এবং প্রাণস্পর্শী কথা বলা। মাতৃভাষায় সংলাপ ও বাক্যালাপের মাধ্যমে স্বজাতির সঙ্গে নর-নারীর ভাবের আদান-প্রদান হয়। সুখ-দুঃখ, হাসি-কান্নার প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করা যায়। যখন কতিপয় লোকের সামনে কোনো কথা বলা হয়, তখন কেবল এক দিকেই নজর রাখা ঠিক নয়, বরং থেমে থেমে সব দিকেই দৃষ্টি নিক্ষেপ করতে হবে; যাতে অন্যরা তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ না করার অভিযোগ উত্থাপন করতে না পারে। তাই মানুষ যখন কথা বলবে, তখন আস্তে আস্তে বলবে। অনাবশ্যক চিত্কার করে কথা বলা নির্বুদ্ধিতার পরিচায়ক। পবিত্র কোরআনে সাবধান করা হয়েছে, ‘তুমি পদক্ষেপ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে, কেননা, স্বরের মধ্যে গর্দভের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।’ (সূরা লুকমান, আয়াত: ১৯) অনাবশ্যক কথাবার্তা ও বাচালতা পরিহার করা সম্মান ও মর্যাদার প্রতীক। মুসলমানদের মধ্যে এমন গুণাবলির সমাবেশ ঘটা একান্ত প্রয়োজন। ইরশাদ হয়েছে, ‘অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা বিনয় নম্র নিজেদের সালাতে। যারা অসার ক্রিয়াকলাপ বা নিরর্থক কথাবার্তা থেকে বিরত থাকে।’ (সূরা আল-মুমিনুন, আয়াত: ১-৩)বস্তুত মানুষ যে কথাই মুখ থেকে বের করে, এর ওপর আল্লাহর ফেরেশতারা সাক্ষী থাকে। মানুষ যখন একটি মিথ্যা কথা মুখে উচ্চারণ করে, তখন তার কাঁধের ফেরেশতাদ্বয় তার কাছ থেকে দূরে সরে যায়। পবিত্র কোরআনে মানুষকে সতর্ক করে বলে দেওয়া হয়েছে, ‘মানুষ যে কথাই উচ্চারণ করে, তা লিপিবদ্ধ করার জন্য তত্পর প্রহরী তার নিকটেই রয়েছে।’ (সূরা কাফ, আয়াত: ১৮) এ জন্য প্রত্যেক মানুষের উচিত, মুখ থেকে বেফাঁস কোনো কথা বের করার আগে এর পূর্বাপর সব দিক চিন্তাভাবনা করা। গুরুজনেরা যথার্থই ধর্মের উপদেশ প্রচার করেন, ‘সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা বলিও না।’ মানুষকে মাতৃভাষা দান করা হয়েছে সঠিক মনোভাব প্রকাশের জন্য। এর জন্য প্রয়োজন প্রথমে কথাবার্তার উদ্দেশ্য ও মর্মার্থ নির্ণয় করা এবং যথার্থতা প্রতিপন্ন করা। এরপর উত্তম ও উপযোগী পন্থায় মনের ভাব প্রকাশ করা। এটাই হচ্ছে নিরর্থক ও মিথ্যা বাক্যালাপ থেকে বেঁচে থাকার সহজ উপায়। যদি কোনো শ্রোতা ও ব্যক্তি আন্তধর্মীয় সংলাপের মর্ম উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে ইসলামের দিকনির্দেশনা এই যে, এসব শ্রেণীর অজ্ঞ-মূর্খদেরও কটুবাক্যে প্রত্যুত্তর না দিয়ে ধৈর্যধারণ করা উচিত। ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক। [email protected]