মাত্র ২৮ দিনে বিদ্যুৎ-সংযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সুখবরের পেছনের বাস্তবতা হলো বাংলাদেশে বিদ্যুতের প্রাপ্যতা বেড়েছে। সরকারের লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে সারা দেশকে বিদ্যুৎ সেবার আওতায় আনার। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেটা সম্ভব। সুতরাং বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ক্ষেত্রে এখন আর দীর্ঘসূত্রতার সুযোগ নেই। তবু বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্প-বাণিজ্য খাতে বিদ্যুৎ-সংযোগ পাওয়ার সময় কমে আসার ফলে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল হবে, কারণ এর সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নিবিড় সম্পর্ক আছে।

‘কস্ট অব ডুয়িং বিজনেস’ বলে একটি ধারণা আছে। এটা শুধু আর্থিক খরচ নয়; একটি ব্যবসায়িক উদ্যোগ শুরু করার চূড়ান্ত অনুমোদনপ্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হতে কত সময় লাগে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু চূড়ান্ত অনুমোদন বা লাইসেন্স পেলেও ব্যবসা শুরু করা যায় না, অবকাঠামোগত আনুষঙ্গিক প্রক্রিয়াও সম্পন্ন করতে হয়। শিল্পোদ্যোগের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ একদম প্রাথমিক ধাপের চাহিদা। এই সমুদয় বিবেচনায় বাংলাদেশে কস্ট অব ডুয়িং বিজনেস বেশি বলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অভিযোগ করে থাকেন এবং এ–সম্পর্কিত আন্তর্জাতিক সূচকে তাঁদের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

‘কস্ট অব ডুয়িং বিজনেস’-এর বিপরীত ধারণা ‘ইজ অব ডুয়িং বিজনেস’—ব্যবসা করা কতটা সহজ বা কঠিন, তা এই ধারণার প্রতিপাদ্য বিষয়। বিশ্বব্যাংক প্রতিবছর ‘ইজ অব ডুয়িং বিজনেস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে, যেখান থেকে জানা যায় বিশ্বের কোন দেশে ব্যবসা করা কতটা সহজ। দেশগুলোর অবস্থান নির্ধারিত হয় ইজ অব ডুয়িং বিজনেস ইনডেক্স দ্বারা, বাংলায় আমরা এটাকে বলি সহজে ব্যবসা সূচক। বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৭ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ১৭৭তম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। পিছিয়ে থাকার প্রধান দুটি কারণের একটি হলো বিদ্যুৎ-সংযোগে দীর্ঘসূত্রতা। এই সূচকে বাংলাদেশের অবস্থান গত বছর পর্যন্ত ছিল ১৮৫। বিশ্বব্যাংকের পরবর্তী প্রতিবেদনে এই সূচকে আমরা অনেক ওপরে উঠে আসব, এতে কোনো সন্দেহ নেই।

সহজে ব্যবসার সূচকে বাংলাদেশের অবস্থান যত ওপরের দিকে উঠবে, বিনিয়োগের পরিবেশ ততই অনুকূল হবে। বিশেষত, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু বিদ্যুৎ-সংযোগের ক্ষেত্রে অগ্রগতির দ্বারা বেশি ওপরে ওঠা যাবে না, আরও অন্তত ৯টি ক্ষেত্রে আমাদের আর অনেক অগ্রগতি সাধন করতে হবে। ব্যবসা শুরু করার অনুমোদন, ভবন নির্মাণের অনুমতি, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া—এসব ক্ষেত্রে আরও অগ্রগতি সাধন করতে হবে। সরকার লক্ষ্য নির্ধারণ করেছে, ২০২১ সালের মধ্যে সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৭ থেকে ৯৯–এ উন্নীত করতে হবে। এটা কোনো অসম্ভব লক্ষ্যমাত্রা নয়, তবে সে জন্য ব্যবসা সহজ করার ক্ষেত্রে ইতিমধ্যে গৃহীত সংস্কার উদ্যোগকে আরও বেগবান করতে হবে। উল্লিখিত ক্ষেত্রেই অনেক অগ্রগতি সাধনের সুযোগ রয়েছে; সরকারের জোরালো তাগিদ এবং আমলাতন্ত্রের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।