মাত্রাছাড়া শব্দদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে শব্দের মাত্রার যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগের। পরিবেশ বাঁচাও (পবা)-এর এক জরিপ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাজধানীর কোথাও কোথাও শব্দের মাত্রা ‘মানমাত্রার’ চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর আওতায় নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক বা শিল্প এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এসব এলাকায় শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো এলাকায় শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম করতে পারবে না। কিন্তু পবার জরিপে দেখা গেছে, অনেক এলাকায় শব্দের মানমাত্রা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। বিধিমালায় শব্দদূষণকারীদের জন্য অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু এর কোনো প্রয়োগ নেই। শব্দদূষণের জন্য কারও শাস্তি হয়েছে, এমনটা কখনো শোনা যায়নি। শব্দদূষণ প্রতিনিয়ত হয়ে
চললেও তা প্রতিরোধে কোনো উদ্যোগ না থাকাটা দুঃখজনক। অথচ শব্দদূষণের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে।
শব্দদূষণের ফলে মানুষের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয়। এর কারণে শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাতসহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। আকস্মিক উচ্চ শব্দ মানবদেহে রক্তচাপ ও হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়, মাংসপেশি সংকুচিত করে পরিপাকে বিঘ্ন ঘটায়। খুব জোরে শব্দ যেমন যানবাহনের তীব্র হর্ন বা পটকা ফাটার আওয়াজ মানুষের শিরা ও স্নায়ুতন্ত্রের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এ ধরনের শব্দের প্রভাবে সাময়িকভাবে রক্তপ্রবাহে বাধার সৃষ্টি হয়, রক্তনালি সংকুচিত হয়, রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ক্রমাগত শব্দদূষণের ফলে কানের টিস্যুগুলো ধীরে ধীরে বিকল হয়ে পড়ে। তখন স্বাভাবিক শব্দও শোনা যায় না।
শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২০০৬ সালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রণয়ন হলেও অনেকে এ সম্পর্কে কিছু জানে না। এই বিধিমালা সবাইকে জানানোর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে। তবে শব্দদূষণকারীদের শাস্তি নিশ্চিত করতে না পারলে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মনে হয় না।