জনপ্রশাসন যে সুষ্ঠুভাবে চলছে না, তারই অন্যতম নির্দেশক হলো নতুন করে আরও ৫০০ ‘বঞ্চিত’ কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ। কিন্তু যা সবচেয়ে অস্বস্তিকর, তা হলো এত কিছুর পরেও সংশ্লিষ্ট মহল থেকে পদোন্নতি প্রদানের কোনো সুষ্ঠু, জবাবদিহিমূলক ও স্বচ্ছ নীতি অনুসরণের দাবি উঠছে না। প্রতীয়মান হচ্ছে যে পদোন্নতি-বঞ্চনার অভিযোগ সাধারণভাবে একটা গ্রহণযোগ্যতা লাভ করেছে। সুতরাং এর দায়দায়িত্ব সুপিরিয়র সিলেকশন বোর্ডকে (এসএসবি) নিতেই হবে। প্রশাসন চলে পিরামিড পদ্ধতিতে, কিন্তু বাংলাদেশে তা উল্টে গেছে। তাই মেধাবী কর্মকর্তারা বেশি মনঃকষ্টে ভুগছেন।
মাথাভারী প্রশাসনে এবার বঞ্চিতদের পদোন্নতি এসএসবিকে মানতে হবে যে প্রশাসন যদি ঠিকভাবেই চলত তাহলে আর ‘পদের চেয়ে দ্বিগুণ লোকবল’ কিংবা ‘বঞ্চিত’ কর্মকর্তার মতো পরিভাষার উৎপত্তি ঘটত না। একটি রাষ্ট্রব্যবস্থাকে সচল ও সক্রিয় রাখেন সরকারি কর্মকর্তারা, আর তাই তাঁদের নিয়োগ, পদোন্নতি ও অবসর গ্রহণের প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম বা ঘাটতি থাকলে সেবাগ্রহণকারী জনগণের দৈনন্দিন জীবনে তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কোনো সন্দেহ নেই, প্রশাসনের এই ‘জগাখিচুড়ি’ ব্যবস্থার জন্য শুধু ক্ষমতাসীন দলের রাজনীতিকেরা নন, উচ্চাভিলাষী কর্মকর্তারাও দায়ী। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা মেধা ও যোগ্যতাভিত্তিক প্রশাসন গড়ে তুলতে সরকারকে সহায়তা দিচ্ছেন না, তাঁরা নানা ফন্দিফিকির ও ধরাধরি করে অপেক্ষাকৃত মেধাবী সহকর্মীদের বঞ্চিত করে চলছেন।
অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদেই এই মুহূর্তে এক হাজারের বেশি ‘অতিরিক্ত’ কর্মকর্তা আছেন। এখন এই তিন পদে আরও ৫০০ বঞ্চিতকে ঠাঁই দিতে হলে পরীক্ষাপদ্ধতি অনুসরণ করাই হবে যুক্তিসংগত। ১৯৯৩ সালে পরিচালিত ইউএনডিপির এক সমীক্ষা এসএসবিকে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করতে সুপারিশ করেছিল। আমরা বিশ্বাস করি, সরকারের অনেকেই রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি প্রদানের অভিযোগ থেকে নিস্তার চান। তাঁরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান যে তাঁরা সত্যি মেধাবী প্রশাসন গড়তে চান। আর সেটা চাইলে পরীক্ষাপদ্ধতি চালু করাই সম্ভবত এই মুহূর্তের একমাত্র কার্যকর সমাধান।