আজ যখন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে, তখন বাংলাদেশ পরিণত হয়েছে এশিয়ার অন্যতম মাদক-সংকুল ও পাচারের কেন্দ্রে থাকা দেশে। আরও ভয়াবহ হলো, এ বিষয়ে সরকারি মহলে উদ্বেগের বদলে নীরবতাই বেশি লক্ষণীয়। মাদকের করালগ্রাসে যখন যুবসমাজের একাংশ বিপন্ন, তখন এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদাসীনতা অমার্জনীয়।
এবারের মাদকবিরোধী দিবসের স্লোগানটি আমাদেরও মনের কথা: চলো গড়ি—আমাদের জীবন, আমাদের সমাজ—আমাদের আত্মপরিচয়—মাদকবিহীন। সত্যিই জীবনকে মাদকমুক্ত করা না গেলে, সমাজ ও সংস্কৃতিও নিমজ্জিত হতে থাকবে অবক্ষয়ে। বিশ্বের অনেক দেশই মাদকের গ্রাসে কমজোরি ও দিশাহীন হয়ে গেছে—এদের মধ্যে আফ্রিকার কিছু দেশও রয়েছে। যুবসমাজের উল্লেখযোগ্য অংশকে মাদকে আসক্ত রেখে কোনো জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের ইতিহাস আমাদেরও স্মরণ করা দরকার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে উৎপাদিত আফিম দিয়ে চীনকে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত করার প্রতিক্রিয়ায় ১৮৩৯ সালের এই দিনে চীনের সম্রাট মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ব্রিটেনের সঙ্গে চীনের এই যুদ্ধই ইতিহাসে প্রথম আফিম-যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধের মধ্য দিয়েই চীন আধুনিক যুগে প্রবেশ করে এবং উন্নতির পথে যাত্রাও সূচিত হয়।
বাংলাদেশেও এখন মাদকের বিরুদ্ধে সামাজিক ও আইনি যুদ্ধ প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে, একশ্রেণির সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা-সাংসদ এই ব্যবসায় জড়িত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কেউ কেউ এসবে জড়িত রয়েছেন। গত বৃহস্পতিবারের প্রথম আলোতেই পুলিশের এক এএসআইকে ২৭ কোটি ২০ লাখ টাকা দামের ইয়াবাসহ আটক করার খবর প্রকাশিত হয়। পুলিশের ভেতর ইয়াবা ও মানব পাচারে জড়িত ব্যক্তিদের তালিকাও তৈরি করা হচ্ছে।
এ অবস্থা চলতে থাকলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে। এই বিবেচনা থেকেই প্রথম আলো সামাজিক, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ে মাদক–নিরোধ এবং মাদকাসক্তদের নিরাময়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদককে শুধু ‘না’ বললেই হবে না, এর মূল উৎপাটন করাই আসল কাজ।