মাদক সেবনে বাধা দেওয়ায় একজন হকারের হাতে অপর এক হকারের খুন হওয়ার ঘটনাটি সত্যিই আমাদের ভাবিয়ে তুলেছে। বুধবার রাজধানীর চাঁদনী চক মার্কেটে এ খুনের ঘটনা ঘটেছে।
প্রথমআলোয় প্রকাশিত খবর অনুযায়ী, শাহাবুদ্দিন, হানিফ ও সোহেল নামে তিন ব্যক্তি ফুটপাতে ব্যবসা করার পাশাপাশি ইয়াবা-ফেনসিডিল বিক্রি করেন এবং চাঁদনী চক মার্কেটের ছাদে নিয়মিত মাদক সেবন করেন। এর প্রতিবাদ করেন হকার খোকন মোল্লা ও তাঁর ভাই বাবুল ব্যাপারী। গত সোমবার এ নিয়ে চাঁদনী চক মার্কেট ব্যবসায়ী সমিতি সালিস ডাকে। ব্যবসায়ী সমিতি শাহাবুদ্দিন, হানিফ ও সোহেলকে দোষী সাব্যস্ত করে তাঁদের সতর্ক করে দিয়ে বলে, তাঁদের বিরুদ্ধে আবার মাদক সেবনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার চাঁদনী চক মার্কেটের দোতলার রেস্তোরাঁয় খোকন-বাবুলসহ কয়েকজন হকার দুপুরের খাবার খাওয়ার জন্য বসেছিলেন। এ সময় শাহাবুদ্দিন তাঁর সহযোগীদের নিয়ে সেখানে যান। তাঁরা খোকন ও বাবুলকে ছুরিকাঘাত করেন। এতে খোকন (৩২) মারা যান এবং বাবুল গুরুতর আহত হন।
মাদক নিয়ে বিরোধের জেরে খুনোখুনি, সংঘর্ষ অবশ্য নতুন কিছু নয়। পত্রিকার পাতায় প্রায়ই এ ধরনের সংবাদ দেখা যায়। মাদকদ্রব্যের ব্যবসা করা নিষিদ্ধ হলেও আমাদের দেশে তা অবাধে চলছে। রাজধানী ঢাকা এবং বড় বড় শহর ছাড়াও মফস্বল শহরগুলোতেও এখন মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। কিন্তু এর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই। সীমান্তে চোরাইপথে আসছে মাদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ব্যাপারে নিষ্ক্রিয় থাকে। মাদকের সর্বনাশা ছোবলে বহু তরুণ-তরুণীর জীবন নষ্ট হয়ে গেছে। মাদককে কেন্দ্র করে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড।
মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ করতে না পারলে এ রকম খুনোখুনি হতেই থাকবে। খোকনের মতো আরও অনেক প্রাণ অকালেই ঝরে যাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। খোকনের হত্যাকারীদেরসহ সব মাদক ব্যবসায়ীকে শাস্তির মুখোমুখি করতে হবে।