সুস্থ সমাজব্যবস্থাকে অস্থিরতা ও অশান্তির আগুনে ঠেলে দেয় যতগুলো সামাজিক ব্যাধি, তার মধ্যে প্রথম সারিতে রয়েছে বাল্যবিবাহ, মাদক ও যৌন হয়রানি। সমাজের সাধারণ মানুষ যদি সম্মিলিতভাবে এসব ‘ব্যাধি’ প্রতিরোধে এগিয়ে আসে, তাহলে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব।
তেমন একটি আশাজাগানিয়া দৃষ্টান্ত সামনে এনেছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের কয়েক শ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বাল্যবিবাহ, মাদক, ইভ টিজিংসহ সব ধরনের যৌন হয়রানিকে প্রতীকীভাবে ‘লাল কার্ড’ দেখিয়েছে। এই তিন সমাজঘাতী অভিশাপ থেকে তারা নিজে বাঁচার এবং অন্যদের বাঁচানোর শপথ নিয়েছে।
লক্ষণীয় বিষয় হলো, এই শিক্ষার্থীরা যে হুট করে লোক দেখানোর এবং খবরে আসার জন্য এই কাজ করেছে, তা মোটেও নয়। টিফিন না খেয়ে সেই টাকায় তারা লাল সবুজ উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছে। এই সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে এই ‘লাল কার্ড’ প্রদর্শন করেছে তারা। দেশের ৬৪টি জেলায় একইভাবে বাল্যবিবাহ, মাদক ও ইভ টিজিংকে লাল কার্ড দেখানোর উদ্যোগ নিয়েছে তারা। নিঃসন্দেহে এই উদ্যোগের একটি দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব আছে। দেশের প্রতিটি জেলায় এ ধরনের কর্মসূচি রাখা গেলে তা একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে এবং আমাদের পক্ষে এসব অভিশাপ থেকে বের হয়ে আসা সম্ভব হতে পারে।
বাল্যবিবাহের অভিশাপে অগণিত ছেলেমেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যায়। বিশেষত, মেয়েরা এর সবচেয়ে বড় শিকার হয়। প্রসবকালীন মাতৃমৃত্যুর সবচেয়ে বড় কারণ বাল্যবিবাহ। অন্যদিকে, পরিবার থেকে সমাজ, তথা রাষ্ট্রব্যবস্থার শান্তিশৃঙ্খলাকে তছনছ করে দেয় মাদক। কোনো পরিবারে যদি একজন মাদকাসক্ত থাকে, তাহলে গোটা পরিবারের ওপর ধস নেমে আসে। আর ইভ টিজিং যে একজন কিশোরী কিংবা তরুণীর জন্য কতটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে, মাঝেমধ্যেই এর শিকার হওয়া মেয়েদের আত্মহত্যার খবর দেখে তা আন্দাজ করা যায়।
এসব ঠেকাতে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের শিক্ষার্থীদের পাশে যেসব শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও অভিভাবক দাঁড়িয়েছেন, তাঁরাও দেশের একেকজন যথার্থ দায়িত্বশীল নাগরিক। তাঁদের মতো দেশের অন্যরাও যাতে ভূমিকা রাখতে উৎসাহিত হয়, তেমন সামাজিক সচেতনতা গড়ে ওঠা জরুরি। এ ধরনের সমাজ–সচেতনতামূলক উদ্যোগকে কীভাবে উৎসাহিত করা যায়, তা নিয়ে সরকারকে চিন্তা-ভাবনা করতে হবে।
সাদা চোখে লাল কার্ড দেখানোর এই খবর জাতীয় জীবনের ক্ষেত্রে খুবই ছোট একটি খবর। কিন্তু এই ছোট খবরটির মধ্যে এক বিশাল আশাজাগানিয়া বার্তা রয়ে গেছে, সেই বার্তা উপলব্ধির সময় এসেছে। সেই উপলব্ধিই সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে।