মাদকবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানের শুরুতে সরকারের নীতিনির্ধারকেরা বলেছিলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এটি চলবে। কিন্তু ছয় মাস পর যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অভিযানের সমাপ্তি টানার কথা ভাবছেন বলে খবর বেরোল, তখন দেখা যাচ্ছে মাদক ব্যবসা ও সেবন কোনোটাই কমেনি।

তাহলে এত ঢাকঢোল পিটিয়ে দেশব্যাপী যে অভিযান চালানো হলো, তার ফলটা কী হলো? গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনার সময় কথিত বন্দুকযুদ্ধে প্রায় ৩০০ লোক নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই খুদে ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়া ৬০ হাজার ব্যক্তির মধ্যে বড় ব্যবসায়ীর সংখ্যা হাতে গোনা মাত্র। আর মাদকের গডফাদার হিসেবে যাঁরা পরিচিত, তাঁরা অভিযানের শুরুতেই গা ঢাকা দিয়েছেন, যাঁদের মধ্যে সরকারি দলের একজন সাংসদও ছিলেন।

বিশেষ অভিযানে বন্দুকযুদ্ধের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি আমলে নেওয়ার প্রয়োজন বোধ করেননি। বিশেষ অভিযানে সংঘটিত মৃত্যুর ঘটনাগুলোকে সরকার বন্দুকযুদ্ধ হিসেবে চালালেও তা বিশ্বাসযোগ্য নয়। টেকনাফের কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর আগে তাঁর স্ত্রীর সঙ্গে যে কথোপকথন হয়, তাতে দেখা যায় পুলিশ তাঁর কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবি করেছিল এবং সেই উৎকোচ না পেয়ে তারা তাঁকে হত্যা করে। আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শিফা হাফিজা এসব ঘটনাকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন। এত কম সময়ে বন্দুকযুদ্ধে এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা বাংলাদেশে অতীতে ঘটেনি।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মাদক ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কিন্তু বাস্তবে সবাইকে আইনের আওতায় আনা হয়নি। বিশেষ অভিযানে খুদে মাদক ব্যবসায়ীরা ধরা ও মারা পড়লেও বড় ব্যবসায়ী ও গডফাদারেরা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন। ফলে সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন আছে। তদুপরি কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্য ‘ঠান্ডা লড়াই’ লক্ষ করা গেছে। কোন বাহিনী কত বেশি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটাতে পারে, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতাও ছিল। দ্বিতীয়ত, মাদকবিরোধী অভিযান সফল করতে সীমান্তে এর চালান পুরোপুরি বন্ধ হওয়া জরুরি ছিল। কর্তৃপক্ষ রহস্যজনক কারণে সেটি অগ্রাহ্য করেছে। তৃতীয়ত, অনেক সময় পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়াই অনেককে গ্রেপ্তার করেছে, যাতে পুলিশের উপরি আয়ের সুযোগ বেড়েছে। অনেক ক্ষেত্রে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার তথ্যও প্রকাশ পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে এ রকম ১০০ জন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যে বাহিনীর সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তা যত কমই হোক না কেন, সেই বাহিনী মাদক নির্মূল করবে, সেটি বিশ্বাস করা কঠিন।

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হিসাবে গত বছরের মে থেকে সেপ্টেম্বরের তুলনায় এ বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪০ লাখ ৩৯ হাজার ৯৪৮টির বেশি ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। এ বছরের মে-আগস্ট পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ১১ হাজার ৮০৬টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা প্রমাণ করে, সীমান্তের ওপার থেকে মাদক আসার পরিমাণ কমেনি। বিজিবি আটক চালানের হিসাব দিয়েছে। যেসব চালান আটক হয়নি, তার পরিমাণ আরও অনেক অনেক বেশি হবে।

অভিযানে কোনো সাফল্য না এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর ইতি টানার চিন্তাভাবনা করছে। তাহলে এতগুলো মানুষের জীবন কেড়ে নেওয়া হলো কেন? এত গ্রেপ্তারের নাটকেরই–বা কেন মহড়া দেওয়া হলো?