মাদকবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্তি যে বাংলাদেশের অন্যতম গুরুতর জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃতি পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সমস্যা থেকে জাতিকে মুক্ত করার সরকারি প্রয়াস কতটা আন্তরিক, তা নিয়ে সংশয়ের অবকাশ আছে। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, কিন্তু মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও সেবন একটুও হ্রাস পাচ্ছে না—এটা স্বাভাবিক নয়।

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দমনের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। ‘চিহ্নিত’ মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রায় তিন শ জন তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মাদকসংক্রান্ত অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান পর্যন্ত করা হয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও সেবনে রাশ টেনে ধরা যায়নি। গতকাল শনিবার কক্সবাজারে শতাধিক ইয়াবা কারবারির আত্মসমর্পণের দিনেও খবর বেরিয়েছে, সীমান্ত পেরিয়ে ইয়াবা বড়ি পাচার হয়ে আসা অব্যাহত আছে, ওই দিন তিনটি স্থান থেকে ৫ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানসহ সব সরকারি তৎপরতা খণ্ডিত। দৃষ্টি দেওয়া হচ্ছে শুধু দেশের অভ্যন্তরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দিকে। এ ক্ষেত্রেও সমস্যা আছে: মাদকদ্রব্যের চোরাচালানের সঙ্গে গভীরভাবে জড়িত বলে পরিচিত ব্যক্তিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাংশ, যাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত না করা অবশ্যই অনেক প্রশ্নের জন্ম দেয়। আরও আছে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তির মাদকের কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ। এই পক্ষগুলো মিলেমিশে অত্যন্ত শক্তিশালী কিছু চক্র দেশজুড়ে এক ভয়ংকর মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে, তা ভেঙে ফেলার জন্য সরকার আন্তরিকভাবে কতটা অঙ্গীকারবদ্ধ—এমন প্রশ্ন জনমনে রয়েছে।

কক্সবাজারে মাদক কারবারিদের আত্মসমর্পণ প্রসঙ্গে সেখানকার সাধারণ বাসিন্দাদের মনোভাবের কথা শনিবারের প্রথম আলোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁরা বলেছেন, কিছুসংখ্যক মাদক কারবারি কারাগারে গেলেই ইয়াবা কেনাবেচা বন্ধ হবে—এটা তাঁরা বিশ্বাস করেন না। কারণ, শুধু টেকনাফের ইয়াবা কারবারিরা আত্মসমর্পণ করলে কাজ হবে না, কক্সবাজার সদর, উখিয়া, মহেশখালী ও রামু এলাকার ইয়াবা কারবারিরা অবৈধ কারবার চালিয়েই যাবেন।

গোড়ার প্রশ্নটি হলো, এত অভিযান সত্ত্বেও মাদকদ্রব্যের কারবারিরা তাঁদের অবৈধ কারবার কীভাবে চালিয়ে যেতে পারছেন? ইয়াবাসহ অধিকাংশ মাদকদ্রব্য বাংলাদেশের ভেতরে উৎপাদিত হয় না, পাশের দেশ থেকে পাচার হয়ে আসে। ইয়াবা আসছে পাশের দেশ মিয়ানমার থেকে, আসছে স্থল ও সমুদ্র উভয় পথে। কিন্তু কীভাবে আসতে পারছে? এ প্রশ্নটি আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের প্রতি। এই দুটি বাহিনীর দায়িত্ব উভয় সীমান্তপথের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা; শুধু মাদকদ্রব্য নয়, যেকোনো পণ্য ও ব্যক্তির অবৈধ প্রবেশ ও প্রস্থান প্রতিরোধ করা। মাদকদ্রব্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার পরেই শুধু তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, দেশের ভেতরে তৎপর মাদকের কারবারিরা তা কেনাবেচা করতে পারেন এবং সেবনকারীরা তা সেবন করে নিজেকে ধ্বংস করার পথ বেছে নিতে পারে।

তাহলে প্রথমেই যা করা দরকার তা খুবই স্পষ্ট: সীমান্ত পেরিয়ে মাদক আসা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, বাংলাদেশের জলসীমান্ত ও স্থলসীমান্তকে সম্পূর্ণভাবে নিশ্ছিদ্র করতে হবে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলোকে তা নিশ্চিত করতে হবে। তা করতে না পারলে মাদকবিরোধী অভিযান চূড়ান্ত বিচারে কোনো ফল দেবে না।