মাদকাসক্তির বাড়তি বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর গ্রামে শুক্রবার সকালে আবদুল মালেক নামে যে যুবক ধাতব ধারালো অস্ত্র হাঁসুয়া দিয়ে কুপিয়ে এক কিশোরীকে হত্যা ও তিন কিশোরীকে গুরুতর জখম করেছেন, তাঁকে স্থানীয় লোকজন ও পুলিশ মাদকাসক্ত বলছে। কিন্তু এ কারণে তাঁর অপরাধের গুরুতর মাত্রাকে লঘু করে দেখার সুযোগ একেবারেই নেই। বরং মানুষ হত্যা ও বিশেষত নারীর প্রতি নৃশংসতা বৃদ্ধির উদ্বেগজনক পরিস্থিতিতে এই ঘটনা আরও একটা মাত্রা যুক্ত করে। সেটা মাদকদ্রব্যের অপব্যবহারের ভয়াবহতা।
২৬ বছর বয়সী মালেক নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই হাঁসুয়া হাতে ঘুরে বেড়াতেন, লোকজনকে ভয় দেখাতেন, এর আগেও তিনি একাধিক লোককে আক্রমণ করেছেন—স্থানীয় লোকজনের এসব কথা সত্য হলে কিছু প্রশ্ন জাগে। যথা, এ রকম বিপজ্জনক একটা লোক ধারালো অস্ত্র হাতে অবাধে ঘুরে বেড়ালে তাঁর চারপাশের লোকজন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কিছু কি করণীয় থাকে না? কী করেছে তারা? ভ্রাম্যমাণ আদালত তাঁকে একবার কারাদণ্ড দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তো তাঁর হাতে কচি একটা প্রাণ গেল। নিহত কিশোরী কণিকা ঘোষের জীবন এ কিসের বলি হলো?
কণিকা ও তার সহপাঠীদের কোপানোর পর এবং লোকজনের হাতে ধরা পড়ার আগের সময়টির মধ্যেই মালেক তাঁর হাঁসুয়াটির রক্ত ধুয়ে ফেলেছিলেন এবং পরনের রক্তমাখা জামা বদলে ফেলেছিলেন। একজন প্রত্যক্ষদর্শীর এই সাক্ষ্য থেকে মালেকের মানসিক অবস্থাটি ধরা যায়। অন্তত ধারণা করা যায় যে কৃত অপরাধের শাস্তি এড়ানোর চিন্তা করার মতো মানসিক শক্তি তাঁর আছে।
স্থানীয় লোকজন মালেককে ধরে পুলিশে সোপর্দ করেছেন, তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত কিশোরীর মা। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্থানীয় লোকজন সোচ্চার হয়েছেন। হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীর শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মাদকাসক্তির বিপদ কতটা গুরুতর হতে পারে, তা নিয়েও সবাইকে ভাবতে হবে।