মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা এমন এক সময় পার করছি, যখন অর্থবিত্তকেই সামাজিক প্রতিষ্ঠার মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে। সর্বজনবিদিত মাদক কারবারিকেও আমরা সমাজে বুক ফুলিয়ে নৈতিকতার আপ্তবাক্য বর্ষণ করে যেতে দেখছি। তাঁরা সবখানে আছেন। সবার সামনে আছেন। সবখানে তাঁরা নিয়ন্ত্রণক্ষমতা চান। এমনকি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মতো জনগুরুত্বপূর্ণ জায়গারও নিয়ন্ত্রণ ছাড়তে তাঁরা নারাজ। নিগৃহীত ও হয়রানির শিকার হওয়ার ভয়ে সমাজের মূল স্রোত, মানে সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে সাধারণত কথা বলে না। এ কারণে এই ঘৃণ্য কারবারে যুক্ত থাকা যে লজ্জাকর, সেটি উপলব্ধি করার ক্ষমতাও মাদক কারবারিরা হারিয়ে ফেলেন। তাঁদের চেতনা কাজ করে না।

মানুষ যদি সম্মিলিতভাবে মাদক কারবারিদের প্রত্যাখ্যান করে, তাহলেই তাঁদের মধ্যে চেতনা ফিরে আসতে পারে। সে রকম একটি দৃষ্টান্ত সামনে এনেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আবুল হাশেম নামের এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যঁার বিরুদ্ধে রয়েছে মাদক কারবারের অভিযোগ। তাঁরা প্রতিবাদমুখর হয়েছেন। তাঁরা আবুল হাশেমকে বাদ দিয়ে নতুন করে কমিটি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।

সাদা চোখে এটি খুবই ছোট একটি খবর। কিন্তু এই ছোট খবরটির মধ্যে এক বিশাল আশাজাগানিয়া বার্তা রয়ে গেছে, সেই বার্তা উপলব্ধির সময় এসেছে। বাঘবেড় উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা শুরুটা করে দিয়েছেন। তাঁদের পদাঙ্ক ধরে অন্যদের শেষটা করতে হবে। বাঘবেড়ের মতো যদি প্রতিটি প্রতিষ্ঠানের কর্মীরা মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করেন, তাহলে তা সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে।

একটা সময় ছিল, যখন সামাজিক নিরাপত্তার জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়ানো অপরাধীদের ‘কালাপানির দেশ’ আন্দামান দ্বীপে ছেড়ে দিয়ে আসা হতো। এখন সমাজে যেভাবে মাদকের কারবার চলে, সেকালে তেমনটা হলে নিশ্চয়ই এর হোতাদের সেখানে নির্বাসন দেওয়া হতো। সমাজচ্যুতির গ্লানি আর দুর্বিষহ নিঃসঙ্গতা নিয়ে সেখানে মাদক কারবারিদের বাকি জীবন কাটাতে হতো। কিন্তু এখন দিন বদলেছে। সমাজে আইন হয়েছে। কানুন হয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় এনে জেলে ঢোকানোর ব্যবস্থা হয়েছে। কিন্তু যেহেতু আইনের মধ্যে প্রচুর ফাঁকফোকর আছে, ব্যক্তিভেদে সেই আইন বাস্তবায়নে প্রশাসনযন্ত্রের প্রকাশ্য অনীহা আছে এবং সর্বোপরি মাদক কারবারিদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করার প্রবণতাও কমে গেছে, সেহেতু মাদক কারবারিরা প্রশাসন কিংবা সামাজিক ব্যবস্থা—কোনোটিকেই আর ভয় পান না। সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্নের বিষয় নিয়েও তাঁদের চিন্তিত হতে দেখা যায় না। কিন্তু সবাই যদি তাঁদের বয়কট করা শুরু করে, তাহলে দ্রুত দৃশ্যপট বদলাতে শুরু করবে। এই সামাজিক আন্দোলন এখনই করা দরকার। এখনই।