মাদকের ভয়াবহ আগ্রাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বছরগুলোতে দেশের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও মাদকাসক্তি অনেক বেড়ে গেছে। এটি এক গুরুতর জাতীয় সমস্যায় পরিণত হয়েছে এবং সমস্যাটি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু যেটা গভীর উদ্বেগের সেটা হলো সরকার বিষয়টিকে কেবল সাধারণভাবে আইনশৃঙ্খলাজনিত একটি বিষয় হিসেবে মোকাবিলার গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার প্রয়াস পাচ্ছে। বছরে ছয় হাজার কোটি টাকার ইয়াবাবাণিজ্য যাঁরা করেন, তাঁরা মৃত্যুদণ্ডের বিধান না থাকার কারণেই সফলভাবে তা করতে পারছেন, আর কঠোরতর শাস্তির বিধান করে আইন পাস হলেই তাঁরা দমিত হবেন, বিষয়টি এমন সহজ নয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বার্ষিক প্রতিবেদন বলছে, ২০০৮ সালের তুলনায় ২০১৬ সালে ইয়াবার ব্যবহার বেড়েছে ৮০ শতাংশ। আর ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বেড়েছে ৪৬ শতাংশ। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ইয়াবার দাম এখন বিত্তহীনদের নাগালের মধ্যে এসেছে বলেই ব্যবহার বেড়েছে। এটা সত্য বটে। দাম কমলে ভোক্তা বাড়ে। ২০১২ সালে মোট মাদকসেবীর মধ্যে ইয়াবায় আসক্ত রোগীর সংখ্যা ছিল ৬ শতাংশের নিচে; এক বছরের মধ্যে তা বেড়ে ৩১ শতাংশ ছাড়িয়ে গেছে। কিন্তু কীভাবে বাড়তে পারছে? সরকারি রিপোর্ট বলছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১৫টি স্থান দিয়ে ইয়াবা পাচার হচ্ছে। এই পাচার বন্ধ করার দায়িত্ব যাদের, তারা কী দায়িত্ব পালন করছে?

রোহিঙ্গা উদ্বাস্তু প্রত্যাবাসন নিয়ে উভয় দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও যৌথ সীমান্ত টহল চলছে। রোহিঙ্গা পরিস্থিতির কারণে মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানোর কথা। তার মধ্যেই ইয়াবার পাচার বাড়তে পারছে কীভাবে? অভিযোগ রয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর একটি প্রভাবশালী অংশ মাদক পাচারের সঙ্গে জড়িত। তা যদি সত্য হয়, তাহলে আমাদের সীমান্তরক্ষা বাহিনীর দায়িত্ব তাদের এই অবৈধ তৎপরতাকে চ্যালেঞ্জ করা। আমাদের দায়িত্ব নিজেদের সীমান্তকে নিশ্ছিদ্র করা।  

২০০২ সালে যেখানে বছরে ১০ হাজার মাদক মামলাও ছিল না, সেখানে ২০১৭ সালে মামলার সংখ্যা এক লাখ ছুঁই–ছুঁই। ১০ গুণ মামলা বৃদ্ধি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা হয়, তাহলে প্রশ্ন উঠবে, এই সক্রিয়তা মাদক সেবন হ্রাসে কার্যকর ভূমিকা রাখছে না কেন? এই বিষয়টিকে আমরা পুলিশের গায়েবি মামলার বিপজ্জনক প্রবণতা থেকে আলাদা করে দেখতে পারি না। কারণ, গত কয়েক বছরে সংবাদমাধ্যমে এ ধরনের উল্লেখযোগ্য খবর ছাপা হয়েছে যে পুলিশ সামান্য পরিমাণ ইয়াবা বা হেরোইন পকেটে পুরে দিয়ে সাজানো মামলা করছে। সুতরাং শুধু এজাহার দায়েরের সংখ্যা বৃদ্ধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতা বা তাদের দক্ষতা বৃদ্ধির সূচক নয়।

মামলা দায়েরের সংখ্যা বহুগুণে বাড়লেও অপরাধীদের দণ্ড লাভের সংখ্যা আগের মতোই অত্যল্প রয়ে গেছে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় তথাকথিত মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০০ কথিত সন্দেহভাজন ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অথচ এ রকম দুর্ভাগ্যজনক উপায়ে যে মাদক অপরাধ দমন করা যায় না, সেটা ফিলিপাইনসহ আশপাশের বহু দেশে প্রমাণিত হয়েছে। সীমান্তের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দায়িত্বশীলতা ও জবাবদিহি বাড়ানোর পদক্ষেপ না নিয়ে শুধু যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির ব্যবস্থা রেখে আইন করলেই পরিস্থিতির উন্নতি হবে না।

মাদকের ব্যবহার, সেবন, বহন, আমদানি-রপ্তানি বা বাজারজাত করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড—এই বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল ২০১৮ সংসদে তোলা হয়েছে। বিচার বিভাগের পৃথক্‌করণের পরও প্রশাসন ক্যাডারের সদস্যদের দিয়ে মাদক অপরাধের বিচারে মোবাইল কোর্টের এখতিয়ার বাড়ানোর প্রস্তাব সংবিধানবিরোধী। এমনকি বর্তমানে মাদক আইনটি যেভাবে মোবাইল কোর্ট আইনের তফসিলে রয়েছে, তা দেশে একটি অসাংবিধানিক সমান্তরাল বিচারব্যবস্থা সৃষ্টি করেছে। এসবের অবসান হোক। প্রকৃত সমস্যাটি সমাধানের জন্য দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করা সবচেয়ে জরুরি কাজ।