মাদারীপুরে ছাত্রলীগ ও যুবলীগের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেই যে যা খুশি তা-ই করা যায়, তার নজির আরেকবার পাওয়া গেল মাদারীপুর শহরের পুলিশ ফাঁড়ি পুকুর ভরাটের ঘটনায়। যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা অবৈধভাবে এই পুকুর ভরাট করছেন।
বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকাল থেকে খননযন্ত্রের একটি পাইপ দিয়ে পুকুরে বালু ফেলা হচ্ছে। প্রায় ২০০ বছরের পুরোনো দুই একর তিন শতাংশের এই পুকুরের মালিক জেলা প্রশাসন। পুকুরটি ভরাটের পাঁয়তারার বিষয়টি টের পেয়ে এটি রক্ষা করার অনুরোধ জানিয়ে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন গত এক বছরে জেলা প্রশাসককে তিন দফা চিঠি দিয়েছেন। কিন্তু বিস্ময়করভাবে এখন পর্যন্ত পুকুর ভরাট বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়, পুকুরটি ভরাট প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাইয়ের ছেলে ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মাহমুদ। তাঁদের দাবি, মাদারীপুর শহর রক্ষা বাঁধের কাছাকাছি হওয়ায় পুকুর ভরাট করার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। কিন্তু শহরের ভেতরের কোনো পুকুর ভরাট করার নির্দেশ ওই সংস্থাটি দিতে পারে না। তার এখতিয়ার নদীর তীর পর্যন্ত।
জেলা প্রশাসক বলেছেন, পুকুর ভরাট করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। এতেই কি তাদের দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে যায়? কারা অনুমতি ছাড়া পুকুর ভরাট করছে সেটি কি তারা দেখবে না? এ ব্যাপারে নৌপরিবহনমন্ত্রী পুকুরের পানি চুইয়ে পড়ার কারণে নদীর ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে যে যুক্তি দিচ্ছেন, তা হাস্যকর।
জলাধার ও পরিবেশ আইনে পুকুর ভরাট করা নিষেধ। তারপরও সবার নাকের ডগায় এই কাজ করে চলেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। বিষয়টি খুবই উদ্বেগজনক। এই পুকুর ভরাট বন্ধে মাদারীপুর জেলা প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, সেটাই প্রত্যাশিত।