মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরেই শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশ কম। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষকসংকট বিশেষভাবে বিবেচ্য। কারণ, শিক্ষার্থীদের বনিয়াদ রচিত হয় এই দুটি স্তরেই। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকের সংখ্যা আরও অনেক বাড়াতে হবে—এই কথা আমরা জোরের সঙ্গে বলতে চাই। কিন্তু শিক্ষকের অনুমোদিত পদ যত আছে, তার প্রায় ২০ শতাংশই যদি শূন্য থাকে, তাহলে নতুন পদ সৃষ্টি করে শিক্ষকসংখ্যা বাড়ানোর কথা আসলে বলা যায় না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের হিসাবে, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা এখন ২ লাখ ৭৫ হাজার ২২। এর বিপরীতে শিক্ষকের অনুমোদিত পদের সংখ্যা ১০ হাজার ৬, কিন্তু কর্মরত আছেন ৮ হাজার ২৫৫ জন শিক্ষক। অর্থাৎ শূন্য রয়েছে ১ হাজার ৭৫১টি পদ। গতকাল প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ৩২৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০ দশমিক ৩৬ শতাংশ শিক্ষকের পদ শূন্য আছে। সবচেয়ে বেশি শূন্য আছে বাংলা ও ইংরেজি বিষয়ের শিক্ষকের পদ। এই চিত্র সাধারণভাবে সারা দেশেই; কিছু কিছু মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র বরং আরও খারাপ। যেমন, শরীয়তপুর জেলা সদরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে শিক্ষকের অনুমোদিত পদের সংখ্যা ৪৯, কিন্তু একটিতে শিক্ষক আছেন ২৪ জন, অন্যটিতে ২৬ জন। অর্থাৎ প্রায় অর্ধেক পদই শূন্য।
প্রতিবছর পরীক্ষায় পাসের হার ও ভালো ফলের হার বাড়ছে, এটা আনন্দের বিষয়। কিন্তু শিক্ষকের ঘাটতির যে চিত্র দেখা যাচ্ছে, তাতে সংশয় জাগে ভালো ফলের সঙ্গে অর্জিত শিক্ষার মান সংগতিপূর্ণ কি না। যেসব শিক্ষক কর্মরত আছেন, তাঁদের ওপর মাত্রাতিরিক্ত চাপ পড়লে তাঁদের পক্ষে ভালো পাঠদান সম্ভব নয়।
শূন্য পদগুলোতে অবিলম্বে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হোক। নিয়োগবিধি সংশোধন করতে আর কালক্ষেপণ নয়, দ্রুত তা সংশোধন করে শিক্ষক নিয়োগ শুরু করুন।