দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা পরিস্থিতি সম্পর্কে সরকারের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তরফে যে তথ্য-উপাত্ত পাওয়া গেল, তা বিবেচনায় নিলে হতাশার চিত্রই ফুটে ওঠে। কারণ, এতে শিক্ষার মানের ক্রমাবনতির বিষয়টিই টের পাওয়া যাচ্ছে।
এটা খুবই দুর্ভাগ্যজনক যে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ২০১১ সাল থেকে ধারাবাহিকভাবেই বেড়ে চলেছে। সেই বছর ৩০ জন ছাত্রের জন্য যেখানে ১ জন শিক্ষক ছিলেন, সেখানে ২০১৬ সালে ৪২ জন ছাত্রের জন্য ১ জন শিক্ষক। এর সঙ্গে শিক্ষার গুণগত মানের সরাসরি সম্পর্ক রয়েছে। সরকার মুখে শিক্ষার মান বাড়ানোর কথা বললেও বাস্তবে মান ক্রমাগতভাবে নিচের দিকে নামারই ইঙ্গিত দিচ্ছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের এই যে অনুপাতের কথা বলা হচ্ছে, তা গড় হিসাব। ঢাকার বাইরে বা মফস্বলে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা আরও অনেক বেশি। ফলে ক্লাসে সব ছাত্রের প্রতি মনোযোগ দেওয়া একজন শিক্ষকের পক্ষে সম্ভব না এবং সব ছাত্রের কাছে ক্লাস লেকচার পৌঁছায়ও না। ক্লাসের বাইরে প্রাইভেট পড়ার বিষয়টি তাই জোরেশোরেই জেঁকে বসেছে।
মাধ্যমিক পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হার কিছুটা বেড়েছে। কিন্তু এরপরও ২৯ শতাংশ শিক্ষক প্রশিক্ষণের বাইরে রয়ে গেছেন। আর প্রশিক্ষণের মান ও এর কার্যকারিতা সম্পর্কে রয়েছে বিরাট প্রশ্ন। পরীক্ষাপদ্ধতির পরিবর্তন হয়েছে কিন্তু সে ব্যাপারে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক পর্যবেক্ষণে উঠে এসেছিল যে ৪০ শতাংশেরও বেশি শিক্ষক সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি করতে পারেন না।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার একটি গুরুতর সমস্যার দিক হচ্ছে এই পর্যায়ে শিক্ষার্থীদের ব্যাপক হারে ঝরে পড়া। বিশেষ করে এই পর্যায়ে ৪২ শতাংশ ছাত্রীর ঝরে পড়ার তথ্য গভীর উদ্বেগের বিষয়। এর কারণ অধিকাংশ ক্ষেত্রে হয়তো সরাসরি শিক্ষা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু এই তথ্য সামাজিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে গভীর চিন্তাভাবনার প্রয়োজনে বিষয়টিকে সামনে তুলে ধরছে।
কারিগরিতে শিক্ষার্থী কমে যাওয়ার প্রবণতাও দুর্ভাগ্যজনক। ২০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন তো দূরে থাক, ২০১৫ সালে যেখানে কারিগরিতে শিক্ষার্থী ছিল ১৩ দশমিক ৭ শতাংশ, সেখানে ২০১৬ সালে তা নেমে হয়েছে ১৩ শতাংশে। শিক্ষার উদ্দেশ্য, কর্মসংস্থান—এসব নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ের সামগ্রিক সমন্বয়হীনতার বিষয়টিই এর মধ্য দিয়ে বের হয়ে এসেছে।
মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানের এই ক্রমাবনতি এক অন্ধকার ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। এই পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে যেমন শিক্ষকের সংখ্যা বাড়ানোর জরুরি উদ্যোগ নিতে হবে, তেমনি শিক্ষকদের কার্যকরী প্রশিক্ষণের বিষয়টিও নিশ্চিত করতে হবে। বাগাড়ম্বরের চেয়ে কাজটি শুরু করাই এখন জরুরি।